ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার/ ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের মুম্বাইয়ে নির্মাণাধীন মেট্রো রেললাইনের একটি পিলারের অংশ ধসে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মুলুন্ড (পশ্চিম) এলাকার এলবিএস রোডে এই দুর্ঘটনা ঘটে।

মুম্বাই ফায়ার ব্রিগেড জানায়, মেট্রো লাইন–৪-এর নির্মাণাধীন ভায়াডাক্টের একটি প্যারাপেট সেগমেন্টের কংক্রিটের অংশ (প্রায় ৬ ফুট বাই ৪ ফুট) ভেঙে একটি চলন্ত অটোরিকশা ও একটি গাড়ির ওপর পড়ে।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে রামধন যাদব নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে রাজকুমার ইন্দ্রজিৎ যাদব (৪৫) নামে একজন আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এছাড়া মহেন্দ্র প্রতাপ যাদব (৫২) ও দীপা রুহিয়া (৪০) নামে আরও দুইজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঘটনার পর ফায়ার ব্রিগেড, পুলিশ, মেট্রো কর্তৃপক্ষ, ওয়ার্ড প্রশাসন ও ১০৮ অ্যাম্বুলেন্স সেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এলাকা ঘিরে ফেলা হয় এবং ব্যস্ত এলবিএস রোডে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

মুলুন্ডের বিধায়ক মিহির কোটেচা ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে বলেন, প্যারাপেট সেগমেন্টটি মাত্র একদিন আগে স্থাপন করা হয়েছিল এবং ওই অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা উচিত ছিল। এটি অবহেলার ইঙ্গিত দেয়।

শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে অবকাঠামো প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সরকারের সমালোচনা করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, পিলার ধসের কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।

নিহতের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।