হোয়াইট হাউজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা দেশগুলো এখন ১০ শতাংশ শুল্ক দেবে
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করা দেশগুলোকে এখন ১০ শতাংশ শুল্ক দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, যেসব দেশ আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চহারে শুল্ক নির্ধারণ করে চুক্তিতে পৌঁছেছিল, তারাও আপাতত ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের আওতায় পড়বে।
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়, যেখানে জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে আরোপ করা দেশভিত্তিক শুল্ক বাতিল করা হয়েছে।
রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের আগের নির্দিষ্ট শুল্ক কাঠামো কার্যত অকার্যকর হয়ে পড়ে।
তবে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, এই ১০ শতাংশ শুল্ক কেবল সাময়িক ব্যবস্থা।
তার ভাষায়, প্রশাসন আরও উপযুক্ত বা পূর্বনির্ধারিত শুল্কহার বাস্তবায়নে অন্যান্য আইনি পথ অনুসরণ করবে।
বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প প্রশাসন বিকল্প আইনি কাঠামোর মাধ্যমে তাদের বাণিজ্যনীতি ধরে রাখার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।
সূত্র: এএফপি
এমএসএম