ডাক পার্সেলে পাচার
ইউক্রেনে প্রাচীন ৩৯ নিদর্শন জব্দ, গন্তব্য যুক্তরাষ্ট্র-ফ্রান্স-ইতালি
ইউক্রেন থেকে আন্তর্জাতিক ডাক পার্সেলে পাচারের সময় ৩৯টি আসল প্রত্নতাত্ত্বিক নিদর্শন জব্দ করা হয়েছে। এই নিদর্শনগুলো অষ্টম থেকে বিংশ শতাব্দীর বলে জানিয়েছে কিয়েভে কাস্টমস কর্মকর্তারা। এগুলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইতালিতে পাঠানো হচ্ছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইউক্রেনের বার্তা সংস্থা ইউক্রেনিফর্ম।
কিয়েভ কাস্টমস অফিস জানায়, খারকিভ, ভিনিতসিয়া এবং কার্পাথিয়ান অঞ্চল থেকে এসব সামগ্রী পাঠানো হয়েছিল। প্রাচীন স্পষ্ট লক্ষণ থাকায় এগুলো পরীক্ষা করার জন্য ইউক্রেনের জাতীয় ইতিহাস জাদুঘরে পাঠানো হয়েছে।
বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, এসব বস্তু সালতোভো-মিয়াতাসকা কালচারসহ মধ্যযুগ, প্রারম্ভিক আধুনিক, আধুনিক ও সমকালীন সময়ের নিদর্শন।
জব্দকৃত সামগ্রীর মধ্যে ছিল দুটি ব্রোঞ্জের প্রসাধনী সেট, যা ৮ম–১০ম শতাব্দীর সালতোভো-মিয়াতাসকা সংস্কৃতির দৈনন্দিন ব্যবহার্য জিনিস। এসবের মধ্যে চিরুনি, চিমটি ও হেয়ারপিন রয়েছে।
এছাড়া ৯ম থেকে ১৮শ শতাব্দীর ২৮টি বোতাম উদ্ধার করা হয়েছে। এই বোতামগুলো শুধু পোশাক আটকানোর উপকরণ নয়, অলংকার হিসেবেও ব্যবহৃত হতো।
কাস্টমস কর্মকর্তারা ১৮শ শতাব্দীর একটি ব্যক্তিগত সিলও জব্দ করেছেন যাতে খোদাই করা আদ্যক্ষর রয়েছে।
এছাড়া ১৮শ শতাব্দীর ল্যাটিন ধাঁচের চার-কোণা তিনটি তামার ক্রস এবং ১৯–২০শ শতাব্দীর কাচ বসানো পাঁচটি ব্রোঞ্জের আংটিও উদ্ধার করা হয়েছে, যা ইউক্রেনের অলংকার শিল্পের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত।
এর আগে, ভলিন অঞ্চলেও ১৬–১৮শ শতাব্দীর ২২৩টি মুদ্রা পাচারের চেষ্টাকালে তা আটক করে ইউক্রেনীয় কাস্টমস কর্তৃপক্ষ।
কে এম