সৌদি আরবে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরানের হামলা
ইরান সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী জুবাইলে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ফার্স নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হামলাটি সৌদি আরবের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চলে সংঘটিত হয়েছে। তবে ঘটনার পরপরই সৌদি সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
জুবাইল সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র, যেখানে তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল উৎপাদন হয়। এ ধরনের স্থাপনায় হামলা দেশটির জ্বালানি খাত ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
এদিকে সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, যদিও হামলার পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ইরানের ১৭ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এসব হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।
এক বিবৃতিতে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর হামলার কোনো ন্যায্যতা নেই এবং এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ।
তিনি বলেন, কোনো বেসামরিক স্থাপনা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হলেও, যদি সেই হামলায় অতিরিক্ত বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে, তাহলে তা আন্তর্জাতিক আইনের অধীনে নিষিদ্ধই থাকবে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম