হাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১২ এপ্রিল ২০২৬

হাইতির একটি ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। জানা গেছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন তরুণ পর্যটকও রয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

সংস্কৃতিমন্ত্রী এমানুয়েল মেনার্ড এএফপিকে একটি লিখিত বার্তায় বলেন, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সিটাডেল হেনরিতে ৩০ জনের মৃত্যু হয়েছে।

মেনার্ড বলেন, আহতদের বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং একটি উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে। তবে তিনি আহতদের সঠিক সংখ্যা জানাননি।

সিটাডেল সিটাডেল লাফেরিয়ার নামেও পরিচিত। এটি উনিশ শতকের একটি দুর্গ এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্র। মেনার্ড বলেন, বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানটি ‌‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।

হাইতির প্রধানমন্ত্রীর কার্যালয় ফেসবুকে পোস্ট করা একটি সরকারি বিবৃতিতে ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে, অনেক তরুণ-তরুণীকে একত্রিত করা একটি পর্যটন কার্যক্রমের সময় এই পদদলনের ঘটনা ঘটেছে।

উত্তর হাইতির বেসামরিক সুরক্ষা দপ্তরের প্রধান জঁ অঁরি পেতিত স্থানীয় সংবাদপত্র ‘লে নুভেলিস্ত’কে বলেছেন, বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পত্রিকাটি আরও জানিয়েছে, কয়েক ডজন মানুষ আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দর্শনার্থীরা একটিমাত্র প্রবেশপথে গাদাগাদি করে দাঁড়িয়েছিলেন এবং ঘটনাস্থল থেকে বের হওয়া ও ঢোকার চেষ্টা করার সময় হুড়োহুড়ি শুরু হয়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।