সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টা থেকে এই অবরোধ শুরু হয়েছে।

ইরানি জাহাজ অবরোধের কাছে এলেই ধ্বংস হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের মধ্যে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের জাহাজ অবরুদ্ধ এলাকার কাছাকাছি এলে সঙ্গে সঙ্গে তা ধ্বংস করা হবে।

নৌ অবরোধে নমনীয় সুর যুক্তরাষ্ট্রের, কিছু জাহাজকে ছাড়ের ঘোষণা
মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ নিয়ে হঠাৎ সুর নরম করলো যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি পারপারে কিছু জাহাজকে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা
হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার। এর আওতায় সোমবার (১৩ এপ্রিল) থেকে সরকারি অনুমতি ছাড়া কোনো প্রবাসী পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবেন না।

ইরান যুদ্ধের ভবিষ্যৎ কোনদিকে?
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়টি আপাতত প্রশ্নের মুখে পড়েছে। শান্তি আলোচনার আগে পাকিস্তান সরকারের কর্মকর্তাদের বেশ আশাবাদী ভঙ্গিমায় কথা বলতে শোনা গিয়েছিল। জোর দিয়ে তারা বলেছিলেন যে, পাকিস্তানের ওপর উভয় পক্ষের আস্থা রয়েছে যা অন্যদের নেই।

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে কী হয়েছিল, ট্রাম্প এখন কী করবেন?
‘এই তো দেখুন, বৈঠকটি ভালো হয়েছে,’— গত শনিবার ইরানের সঙ্গে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘অধিকাংশ পয়েন্টে আমরা একমত হয়েছি, কিন্তু একমাত্র যে বিষয়টি সত্যিই গুরুত্বপূর্ণ ছিল—পারমাণবিক ইস্যু—সেটিতে একমত হওয়া যায়নি।’ আর তাই হুট করে তিনি ঘোষণা করেন, আরও ভালো চুক্তি আদায়ের লক্ষ্যে তিনি হরমুজ প্রণালি অবরোধ করছেন।

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে কমে যায়।

ইসরায়েলের ‌‌‌‘নতুন শত্রু’ তুরস্ক?
ইসরায়েল যেন ‘শত্রু ছাড়া বাঁচতে পারে না’ এবং দেশটির সরকার এখন তুরস্ককে ‘নতুন শত্রু’ হিসেবে ঘোষণা করার চেষ্টা করছে। সোমবার ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবর এএফপির।

বিজেপি নেতা শুভেন্দুর আসনে বাদ পড়া ভোটারদের ৯৫ শতাংশই মুসলিম
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আলোচিত আসনগুলোর একটি হলো নন্দীগ্রাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। এবারের নির্বাচনে আসনটিতে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী অপরিবর্তিত থাকলেও তৃণমূল থেকে মমতার বদলে প্রার্থী করা হয়েছে পবিত্র করকে।

ইরানের বন্দর অবরোধ, মার্কিন পরিকল্পনায় যোগ দেবে না ব্রিটেন
হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না। ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এবং সৈন্যদের ইরানের বন্দর অবরোধ করার কাজে ব্যবহার করা হবে না। তবে ব্রিটিশ মাইন অপসারণকারী জাহাজ এবং ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা ওই অঞ্চলে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।