নিখোঁজ কিশোরীদের খোঁজে তুরস্কে ব্রিটিশ পুলিশ
ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে পূর্ব লন্ডনের যে তিন কিশোরী তুরস্ক হয়ে সিরিয়ায় উদ্দেশ্যে যাত্রা করেছে বলে ধারণা করা হচ্ছে, তাদের খোঁজে ব্রিটিশ পুলিশের একটি দল তুরস্কে গেছে।
বিবিসি বাংলা জানায়, তবে তারা তুরস্কে ঠিক কী করবেন- পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি।
১৫ ও ১৬ বছরের ওই তিন কিশোরীর মধ্যে শামীমা বেগম ও খাদিজা সুলতানা বাংলাদেশি বংশোদ্ভূত। অন্য জন হলো ইথিওপিয়ান বংশোদ্ভূত আমিরা আবাসি। ৩ জনই বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমি স্কুলের ছাত্রী।
তবে স্কটল্যান্ডে ইয়ার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, `তদন্তে তুরস্কের কর্তৃপক্ষ সব ধরনের সাহায্য করছে।`
এদিকে, কর্তৃপক্ষের চোখ এড়িয়ে কিভাবে ওই ৩ কিশোরী তুরস্কের বিমানে উঠতে পারলো, তা নিয়ে প্রশ্ন উঠছে।
জানা গেছে, ২০১৩ সালে আকসা মাহমুদ নামে যে তরুণী স্কটল্যান্ডের গ্লাসগো থেকে আইএস যোদ্ধাকে `বিয়ে করতে` সিরিয়া গেছে টুইটারে তার সঙ্গে শামীমার যোগাযোগ হয়েছিল। এতে তার পালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলও বাংলাদেশি বংশোদ্ভূত ওই ব্রিটিশ কিশোরী।
এআরএস/আরআই