মোদি`র দুপুরের খাবারের দাম ২৯ রুপি!


প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৩ মার্চ ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী বলে কথা! তাঁর দুপুরের খাবার তো আর হেলাফেলার কিছু হতে পারেনা! কিন্তু যদি এই খাবারের দাম হয় মাত্র ২৯ রুপি?

সোমবার নরেন্দ্র মোদি সংসদের ক্যান্টিনে বসে এই ২৯ রুপি দিয়েই সারলেন দুপুরের আহার। নিরামিষ এই মধ্যাহ্নভোজে ছিল বিভিন্ন পদের সবজির তরকারি, ডাল, শাক, চারটি রুটি, দই ও ফল।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় ১০ লাখ রুপির স্যুট পরে মোদির সাক্ষাৎ দারুণ আলোড়ন তুলেছিল সেদেশের গণমাধ্যমে। বিভিন্ন মহল থেকে উঠেছিল সমালোচনার ঝড়।

অনেকেরই মত, সে সমালোচনায় ছাইচাপা দিতেই এবার মোদির এই কৃচ্ছতা সাধনের প্রচার।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র্র মোদি আচমকাই প্রবেশ করেন সংসদের ক্যান্টিনে। তারপর সেখানে বসে সংসদ সদস্যদের সঙ্গে খুব সাধারণ এই খাবার খান। তবে যেহেতু ভর্তুকি দিয়েই চলে এই ক্যান্টিন, ২৯ রুপির এই খাবার যে নেহাত মন্দ নয়, তা বলাই বাহুল্য। বাইরে এ খাবারের দামও ২৯ রুপি নয় মোটেই।

তারপরও সংসদের ৭০ নম্বর কক্ষের এই ক্যান্টিনে ইতোপূর্বে ভারতের কোনো প্রধানমন্ত্রী খাওয়াতো দূরের কথা, পা পর্যন্ত দেননি। এমনকি মন্ত্রীরা পর্যন্ত সংসদ সদস্যদের ক্যান্টিনে যান না। এখানে মূলত সংসদ সদস্য, সংসদের কর্মচারী ও সাংবাদিকরাই ভিড় করেন থাকেন। সেখানেই প্রধানমন্ত্রী মোদি সোমবার দুপুরে নিরামিষ খাবার খেলেন। নিজের খাওয়ার বিল নিজেই মেটালেন। খাওয়া শেষে ক্যান্টিনে উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে খোশমেজাজে গল্পও করলেন। এ সময় মোদির সঙ্গে ছিলেন গুজরাটের দু’জন সংসদ সদস্য।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।