হরমুজ প্রণালিতে ইরানের ৭ নৌযান ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানের সাতটি দ্রুতগতির নৌযানে হামলা চালিয়েছে। উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া জাহাজগুলোকে এই জলপথ দিয়ে নিরাপদে বের করে আনতেই ওয়াশিংটনের এই উদ্যোগ। খবর বিবিসির।
ট্রাম্প বলেন, আমরা সাতটি ছোট নৌকা বা দ্রুতগামী নৌযানকে ডুবিয়ে দিয়েছি। তাদের কাছে শুধু এগুলোই অবশিষ্ট ছিল। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, নৌযানগুলোতে হামলা চালাতে তারা হেলিকপ্টার ব্যবহার করেছে।
পরে অবশ্য ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো ইরানি স্পিডবোটগুলোতে মার্কিন হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে তথ্য দিয়েছিল তা অস্বীকার করেছে।
তবে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের দুইটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছে এবং পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এদিকে সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়া উভয়ই সোমবার গুরুত্বপূর্ণ এই প্রণালিতে তাদের জাহাজ হামলার শিকার হওয়ার খবর দিয়েছে। এছাড়াও আরব আমিরাত আরও জানিয়েছে, ইরানের হামলার পর ফুজাইরাহর বন্দরে বড় ধরনের আগুন লেগে গেছে।
শিপিং কোম্পানি ম্যায়াস্ক বিবিসিকে জানিয়েছে যে, ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম উদ্যোগের তত্ত্বাবধানে মার্কিন সামরিক বাহিনীর সুরক্ষায় তাদের মার্কিন পতাকাবাহী একটি জাহাজ সফলভাবে প্রণালিটি থেকে বেরিয়ে এসেছে।
তাদের মার্কিন পতাকাবাহী জাহাজ অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স গত ফেব্রুয়ারির শেষে পারস্য উপসাগরে আটকা পড়ে, সোমবার সেটি হরমুজ প্রণালি পাড়ি দিতে পেরেছে।
এই কোম্পানিটি আরো জানিয়েছে যে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ করেছে এবং মার্কিন সামরিক সুরক্ষা নিয়েই তারা উপসাগরীয় এলাকা থেকে বের হতে পেরেছে এবং সব নাবিক নিরাপদ ও অক্ষত রয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন যে, হরমুজ প্রণালির ঘটনাপ্রবাহ এটা স্পষ্ট করে দিয়েছে যে রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও বলেন, প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলক।
টিটিএন