ব্রিটেনের সাধারণ নির্বাচন : লড়বে ৭ বাংলাদেশি বংশোদ্ভূত


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ২৮ মার্চ ২০১৫

ব্রিটেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ মে। এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূতরাও। শুধু লেবার পার্টি থেকেই মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ ৭ জন। এদের মধ্যে এবার অন্তত তিনজন প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা।

ব্রিটেনে প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশির পক্ষে এতদিন ধরে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতেন মাত্র একজন। তবে এবার হয়তো পরিবর্তন আসতে যাচ্ছে সেই অবস্থার। আসন্ন নির্বাচনে লন্ডনসহ ব্রিটেনের অন্যান্য শহরের বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি প্রার্থী।

তাদের মধ্যে লেবার পার্টি থেকেই মনোনয়ন নিশ্চিত করেছেন অন্তত ৭জন। দলটির শীর্ষ নেতারা মনে করেন, এবারের মনোনয়নপ্রাপ্ত বাংলাদেশি প্রার্থীদের মধ্যে অন্তত তিন জনের জয়ের সম্ভাবনা রয়েছে।

লেবার পার্টির ব্ল্যাক অ্যান্ড এথনিক মাইনরিটি টাস্কফোর্সের চেয়ারম্যান কীভ ভাজ বলেন,‘বাংলাদেশি বংশোদ্ভূত ৩ জন পার্লামেন্ট সদস্যের জয়ী হবার সম্ভাবনা আছে। যা নিঃসন্দেহে একটি দারুণ খবর।’

লেবার দল থেকে মনোনয়নপ্রাপ্ত ৭ জন ব্রিটিশ- বাংলাদেশিরা হলেন, বর্তমান এমপি রুশনারা আলী, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রূপা হক, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, আখলাকুল ইসলাম, মেরিনা আহমেদ ও সুমন হক। তারা এরই মধ্যে নেমেছেন নির্বাচনী প্রচারণায়।

বর্তমান কনজারভেটিভ পার্টি নেতৃত্বাধীন সরকার, ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে লেবার পার্টিকে ভোট দেয়ার আহ্বান জানান এই বাংলাদেশি প্রার্থীরা।

বাংলাদেশি বংশোদ্ভূত এমপি প্রার্থী মেরিনা আহমেদ জানান, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে লেবার পার্টি ব্রিটেনের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দল।’

লেবার দলীয় এমপি প্রার্থী রুশনারা আলী বলেন, ‘বর্তমান সরকার ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। কিন্তু লেবার পার্টি ব্রিটেনবাসীর জন্য কাজ করে যাবে। তাই লেবার পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানায়।’

লেবার দলীয় এমপি প্রার্থী রূপা হক জানান, ‘আমি আশা করি সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ লেবার পার্টিকে ভোট দিয়ে দেশ শাসন করতে সুযোগ করে দিবে।’

এদিকে, লেবার দলীয় মনোনয়ন পেয়ে তহবিল সংগ্রহসহ পুরো দমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। নির্বাচনে জয়ের ব্যাপারেও তিনি শতভাগ আশাবাদী।

লেবার দলীয় এমপি প্রার্থী টিউলিপ সিদ্দিক বলেন, ‘সবার দোয়া এবং সহযোগিতা পেলে এবার অবশ্যই আমি জয় লাভ করবো।’

নির্বাচনী লড়াইয়ে সাত বাংলাদেশি জয়ী হলে ব্রিটেনে বাংলাদেশি সম্প্রদায়ের এক গৌরবময় অধ্যায়ের সূচনা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।