ইয়েমেনে স্থল অভিযানের প্রস্তুতি সৌদির
ইয়েমেনে স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে সৌদি আারব। আর এরই অংশ হিসেবে ইয়েমেন উপকুলের বাব-এল-মান্দাব প্রণালীতে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে সৌদি আরব ও তার মিত্র দেশ মিশর। মিশরের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে।
খবরে বলা হয়েছে, আরব সাগর থেকে একমাত্র সুয়েজ খাল দিয়ে এ প্রণালীতে ঢোকা যায়। এ পথে মিশর ও সৌদি আরব বেশ কয়েকটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এ সব জাহাজ এরই মধ্যে বাব-এল-মান্দাবের কাছে পৌঁছে গেছে বলে সেনাসূত্রগুলো জানিয়েছে। দুটো ডেস্ট্রয়ারসহ আরও দু’টি রণতরী বাব-এল-মান্দাব প্রণালীতে পৌঁছে যাওয়ার কথা স্বীকার করেন এক সেনা কর্মকর্তা।
এদিকে, রিয়াদ ইয়াসিন সৌদি আরবের আল-আরাবিয়া নিউজ চ্যানেলকে বলেছেন, মিশরের নৌবাহিনী বাব-এল-মান্দাব প্রণালী দিয়ে এগিয়ে চলেছে। ইয়েমেনের ক্ষমতাচ্যুত ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রিয়াদ ইয়াসিন।
এ ছাড়া, তার ভাষায় পদাতিক বাহিনী ইয়েমেনে মোতায়েনের `ব্যবস্থা` নেয়া হয়েছে। ইয়েমেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নাসের আল-মারাকাশি বলেছেন, স্থল অভিযানে আগে অন্তত এক সপ্তাহ ধরে বিমান হামলা করবে সৌদি জোট। চলতি মাসের ২৬ তারিখ থেকে এ হামলা শুরু করা হয়েছে।
ইয়েমেনের এডেন বন্দর বা হাদরামাউন্ত প্রদেশ দিয়ে স্থল অভিযান শুরু হতে পারে বলে ধারণা করেন নাসের আল-মারাকাশি। এ প্রদেশে হুথিদের যোদ্ধাদের শক্তিশালী ঘাঁটি রয়েছে। সূত্র : রিডিও তেহরান
বিএ/এমএস