এএপিতে আবারও ভাঙন
ভারতের আলোচিত রাজনৈতিক দল আম আদমি পার্টিতে (এএপি) আবারও ভাঙন দেখা দিয়েছে। শনিবার দলের জাতীয় নির্বাহী কমিটি থেকে দুই শীর্ষ নেতাকে বাদ দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দল থেকে বাদ পড়া দুই শীর্ষ নেতারা হলেন, যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ। খবর এনডিটিভি।
খবরে বলা হয়, শনিবার এএপির জাতীয় কাউন্সিলের বৈঠকে তিনশ ১১ সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে দুইশ ৪৭ জন দলের শীর্ষ পদ থেকে তাদের বাদ দিতে ভোট দেন। এ দুই নেতার বিরুদ্ধে অভিযোগ তারা এপিপির স্বার্থ বিরোধী কাজে জড়িত। এছাড়া তারা দুজন দলের প্রধান কেজরিওয়ালের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন।
এদিকে বৈঠক থেকে বেরিয়ে যোগেন্দ্র বলেন, জাতীয় কাউন্সিলের বৈঠকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বৈঠকে সবকিছু ছিল পূর্বপরিকল্পিত।
এএপির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নির্বাহী কমিটি থেকে যোগেন্দ্র ও প্রশান্তকে বরখাস্ত করা হলেও দলে তাদের প্রাথমিক সদস্যপদ বহাল থাকবে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে এপিপির পরাজয়ের পর দল থেকে বেশ কয়েকজন নেতা বেরিয়ে যান। তখনও এপিপিতে ভাঙ্গনের কথা গণমাধ্যমে প্রকাশ হয়েছিল।
এএইচ/আরআই