ইয়েমেনে বিমান হামলা অব্যাহত


প্রকাশিত: ০৬:১১ এএম, ২৯ মার্চ ২০১৫

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের জঙ্গি বিমানগুলো চতুর্থ দিনের মতো ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রেখেছে। শনিবার রাতে রাজধানী সানায় বিমান হামলা হয়েছে। সানার উত্তর-পশ্চিমাঞ্চলে এ সব হামলা হয়েছে তবে এখন ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায় নি।

হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের শক্তিশালী ঘাটি হিসেবে পরিচিত এ শহর সৌদি জোটের হামলার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সৌদি জোটের আগ্রাসনে নারী-শিশুসহ অনেক নিরীহ মানুষ নিহত হয়েছে।

এদিকে, শনিবার সানা থেকে জাতিসংঘের আন্তর্জাতিক কর্মী বাহিনীর ১০০ সদস্যের প্রায় সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া, ইয়েমেনের প্রধান বন্দরনগরী এডেনে তিন দিনের লড়াইয়ে অন্তত ৬১ জন নিহত হয়েছেন।

আনসারুল্লাহ বাহিনীর সঙ্গে এ লড়াই চলছে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত পপুলার কমিটি নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীর। শহরটির অংশ বিশেষ এই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকায় সেখানে পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। সূত্র : রেডিও তেহরান

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।