গণ-নকলের পর ভারতে এবার গ্রেপ্তার ১ হাজার ভুয়া চাকরি-প্রার্থী
এ মাসের শুরুতেই বিহার রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় গণ-নকলের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক তোলপাড় হয় ভারত এবং আন্তর্জাতিক গণমাধ্যমে। প্রশ্ন ওঠে তাদের শিক্ষা মান ও পদ্ধতি নিয়ে।
এবার সেই বিহারেই পুলিশ সদস্য নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে প্রায় ১ হাজার ভুয়া চাকরিপ্রার্থীকে গ্রেফতার করা হয়েছে।
এএফপির বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, চাকরিপ্রার্থীদের জমা দেওয়া কাগজপত্র ও আঙুলের ছাপ পরীক্ষা করে এসব ভুয়া প্রার্থী শনাক্ত করা হয়। এরপর রোববার রাতে এই ১ হাজার ভুয়া প্রার্থীকে গ্রেফতার করে বিহার রাজ্য পুলিশ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রক্সি বা বডি পরিবর্তন (একজনের পরীক্ষা অন্য জন দিয়ে দেওয়া) করে পরীক্ষা দেওয়ার অভিযোগে একসঙ্গে ১ হাজার জন গ্রেফতারের ঘটনা এর আগে ভারতে আর কখনো ঘটেনি।
প্রাথমিক শারীরিক যোগ্যতার পরীক্ষায় টেকে ৫২ হাজার চাকরিপ্রার্থী। এর মধ্য থেকে ১২ হাজারকে নিয়োগ দেওয়ার জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। কিন্তু শারীরিক যোগ্যতার পরীক্ষায় দেওয়া আঙুলের ছাপের সঙ্গে লিখিত পরীক্ষার সময় দেওয়া আঙুলের ছাপের সঙ্গে কোনো সঙ্গতি পাওয়া যায়নি অনেকের। তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআরজে