বুধবার সকালেই হতে পারে চূড়ান্ত চুক্তি


প্রকাশিত: ০৪:০৯ এএম, ৩১ মার্চ ২০১৫

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হলে বুধবার সকালেই সই হতে পারে চূড়ান্ত চুক্তি। ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর আলোচনায় জড়িত এক কূটনীনৈতিক সূত্রের বরাত দিয়ে ইরানের আরবি চ্যানেল আল আলম এ কথা জানিয়েছে। এ খবর রুশ সংবাদ সংস্থা ইতার-তাস দিয়েছে বলে জানিয়েছে আল আলম।

চ্যানেলটির ইংরেজি ওয়েব সাইট দেয়া খবরে আরো বলা হয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, চুক্তির রূপরেখা এখনো লেখা হয়নি। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব। একই সঙ্গে দুই পর্যায়ের চুক্তির সম্ভাবনাও নাকচ করে দেন তিনি।

এদিকে, এ চুক্তিকে কেন্দ্র করে পশ্চিমা সংবাদ মাধ্যম যে ঝড় তুলেছে তা নাকচ করে দেয় ইরানের একটি সূত্র। পরমাণু কর্মসূচি নিয়ে কোনো কোনো পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে অভিহিত করেন এ সূত্র। পরমাণু আলোচনায় ইরান নিজ নীতিগত অবস্থানে অনড় রয়েছে বলেও জানান এ সূত্র।

এ সূত্র জানায়, আমেরিকা ও ইউরোপ চাচ্ছে ইরান চূড়ান্ত চুক্তি যেকোনো সময় লঙ্ঘন করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরোপিত নিষেধাজ্ঞা নিজ থেকে তেহরানের বিরুদ্ধে পুনরায় আরোপিত হবে। কিন্তু রাশিয়া এর বিরোধিতা করে বলেছে, এ রকম পরিস্থিতিতে কী করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা নিজ থেকে তেহরানের বিরুদ্ধে পুনরায় আরোপিত হওয়ার বিরোধিত করে রাশিয়া বলেছে, এমন পদক্ষেপ নিরাপত্তা পরিষদের কর্ম-তৎপরতা বিরোধী হয়ে যায়। রাশিয়ার বক্তব্যের প্রতি সমর্থন দিয়েছে চীন। সূত্র : রেডিও তেহরান

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।