চেরি ফুল উৎসবে মেতেছে জাপানিরা
জাপানে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে হানামি বা চেরি ফুল দেখার উৎসব। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে হাজির হওয়া শুভ্র এই চেরি ফুল দেখতে পার্কগুলোতে ভিড় করছেন সবাই। অনেকেই আবার ঐতিহ্যবাহী খাবার-দাবার নিয়ে পরিবারের সাথে অন্যরকমভাবে সময়টি উপভোগ করছেন।
সাকুরা বা শুভ্র সাদা-গোলাপি চেরি ফুলে ছেয়ে গেছে জাপান। দেশটিতে বসন্তের বার্তা বয়ে নিয়ে আসে এই চেরি ফুল। প্রতিবছরই সাদা ফুলের সেই সৌন্দর্য বেশ খোশ মেজাজেই উপভোগ করে জাপানিরা। জাপানজুড়ে `হানামি` নামে উৎসবের আমেজ নিয়ে আসে এই চেরি ফুল। প্রায় তেরোশ` বছর আগ থেকে দেশটিতে এই উৎসব পালনের প্রথা চলে আসছে। যা চলে মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত।
কেউবা বন্ধুদের নিয়ে আবার কেউবা সপরিবারে হাজির হয়েছেন টোকিও`র পার্কগুলোতে। কমবেশি সবাই সাথে করে নিয়ে এসেছেন সুসি, সোবাউদং এবং মচির মত ঐতিহ্যবাহী জাপানি খাবার। বছর শেষে পিকনিকের আনন্দে মেতেছেন তারা।
উৎসবে আসা এক ছাত্রী বলেন, `আমি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের নিয়ে এসেছি এখানে এই উৎসব পালন করতে। বছর শেষে একটু আনন্দ করতে আসা।`
পার্ক কর্তৃপক্ষও নিয়েছে দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা।
তাদের একজন বলেন, `আমাদের পার্কের চেরি খুবই বিখ্যাত। আমরা সব জায়গায় নানা দিকনির্দেশনার পোস্টার লাগিয়ে দিয়েছি দর্শনার্থীদের সুবিধার জন্য। এটা আসলে ২০২০ সালের অলিম্পিকের প্রস্তুতি।`
এআরএস/আরআইপি