অল্পের জন্য রক্ষা দুই বিমানের
অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আমিরাত ও ইতিহাদ এয়ারলাইনসের দুটি বিমান। ভারতের আকাশে বিমান দুটি `বিপদজনক মাত্রায়` কাছাকছি চলে এসেছিল বলে জানিয়েছে মুম্বাইয়ের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এটিসি)। তবে এটিসির তৎপর দক্ষতায় আসন্ন দুর্ঘটনা থেকে বেঁচে গেছে বিমান দুটি। খবর টাইমস অব ইন্ডিয়া।
মঙ্গলবার ভারতের এটিসির বরাত দিয়ে গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার খবরটি আমিরাত কর্তৃপক্ষ স্বীকার করেছে।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় ভারত মহাসাগরীয় দ্বীপদেশ সিচেলিস থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিল আমিরাত এয়ারলাইনসের `ইকে-৭০৬` ফ্লাইট। অপরদিকে ইতিহাদ এয়ারলাইনসের `ইওয়াই-৬২২` ফ্লাইটটি দুবাই থেকে সিচেলিস আসছিল। দুটি বিমানই `বিপদজনক মাত্রায়` কাছাকাছি চলে আসায় মুম্বাইয়ের এটিসি কর্তৃপক্ষ একটি বিমানকে গতিপথ পরিবর্তন করতে বলে। বিমানের পাইলট এটিসির নির্দেশনা মেনে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ায় বেঁচে যান বিমান দুটির যাত্রীরা।
এএইচ/পিআর