সিরিয়ায় সরকার ও বিদ্রোহীদের হামলায় নিহত ৪৬
সিরিয়ার দুই প্রদেশে সরকার ও বিদ্রোহীদের পৃথক হামলায় ৪৬ জন প্রাণ হারিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর সিনহুয়া।
খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারায় বিদ্রোহীদের বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়। এছাড়া ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর অভিযানে নিহত হয় ৩২ জন। দারার আল জিজেহ শহরে হামলায় নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা জানিয়েছে, দারার এই হামলায় আহত হয়েছে অনেকে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে মানবাধিকার সংস্থাটি বলেছে, একই দিন ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর মিসাইল হামলায় নারী-শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন।
চলতি সপ্তাহে ইদলিবের দখল নিয়েছে আল কায়েদা সমর্থিত সিরিয়ার চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী আল নুসরা ফ্রন্ট ও এর মিত্র গোষ্ঠীরা। দারায় বোমা হামলা কে চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে সম্প্রতি এই প্রদেশে আল নুসরা ফ্রন্ট হামলা চালিয়েছে।
এএইচ/আরআই