আইসিসিতে যুক্ত হচ্ছে ফিলিস্তিন


প্রকাশিত: ০৬:০৯ এএম, ০১ এপ্রিল ২০১৫

আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) সদস্যপদ পেতে যাচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বুধবার আনুষ্ঠানিকভাবে এ সদস্যপদ দেয়া হবে ফিলিস্তিনকে। এর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের প্রতিকার চাওয়ার ব্যাপারে তাদের আইনি লড়াইয়ের পথ সুগম হবে।

তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশ্য ইসরায়েল আগেই এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, আইসিসিতে ফিলিস্তিনের যোগদানের পরিণতি ভালো হবে না।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি হেগভিত্তিক আইসিসির সদস্যপদ পেতে আবেদন করে ফিলিস্তিন। তিন মাস পর এর চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে। অবশ্য এর আগে ২০০৯ সালেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হয়েছিল। ২০০৮-২০০৯ সালে গাজায় চালানো ইসরায়েলের `কাস্ট লিড` নামের সামরিক অভিযানের বিষয়ে করা ওই আবেদন তখন খারিজ করে দেয় আইসিসি।

এর কারণ, বাদী হওয়ার মতো অবস্থান ছিল না ফিলিস্তিনের। পরে ২০১২ সালের নভেম্বরে ফিলিস্তিন জাতিসংঘের `নন-মেম্বার স্টেট` মর্যাদা পওয়ায় আইসিসিতে আবেদনের দরজা খুলে যায়। তবে যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের চাপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাবনিকাশের কারণে তখন আইসিসিতে সদস্যপদ চাওয়ার আবেদন করা থেকে সরে আসে ফিলিস্তিন। সূত্র : টেলিগ্রাফ, এএফপি

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।