ভেড়ার ধড়ে মানুষের মুখ! (ভিডিও)


প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০১৫

গ্রিক পুরানের সেন্টরের কথা তো অনেকেই জানেন। সেই যে ঘোড়ার দেহে মানুষের মুখওলা প্রাণী। সুকুমার রায়ও সেই কবে হাঁসজারু (হাঁস+সজারু), গিরগিটিয়া (গিরগিটি+টিয়া) এরকম কিম্ভুতদর্শন ধড়ে-মুড়োয় সন্ধির প্রাণীর ছড়া শুনিয়েছিলেন বটে। কিন্তু কে জানতো সেটাই বাস্তব হয়ে যাবে!

রাশিয়ার এক কৃষকের ঘরে এমন আজব এক ভেড়া শাবক জন্মালো যা নিয়ে রীতিমতো হুলুস্থুল পড়ে গেছে। ভেড়ার মুখটা যে অনেকটাই মানুষের মতো!  মানুষের মতো বড়সড় একটা নাক, মানুষের মতোই দুটো চোখ, মুখ। শুধু কানদুটোই যা ভেড়ার মতো। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য টেলিগ্রাফ মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে। সঙ্গে ছেড়েছে ভিডিও। 

দক্ষিণ-পশ্চিম রাশিয়ার চিরকার বাসিন্দা ব্লাসিয়াস ল্যাভারেন্তিয়েভ মোটেও স্বচ্ছল কৃষক নন। জীবিকার প্রয়োজনেই ভেড়া পোষেন। সেই ভেড়া গর্ভবতী হওয়ায় তাই বেজায় খুশি ছিলেন তিনি। কিন্তু বিধি বাম। শাবক যেটা বেরুলো, সেটা দেখে তো চক্ষু চড়কগাছ। ঠিক যেন বৃদ্ধ বয়সের কোনো মানুষের মুখ জুড়ে দেওয়া হয়েছে ভেড়ার ধড়ে। এই দেখে কিন্তু একটুও খুশি হতে পারেননি ব্লাসিয়াস। প্রতিবেশীরাও আতঙ্কে শিউরে উঠেছে।

“গত শীতটা খুব কষ্টে কেটেছে আমাদের। এবার ভাবলাম ভেড়াটার বাচ্চা হবে, ভালই হলো, এ বছর ভেড়া বেচে কিছু টাকা হাতে আসবে। কিন্তু একে নিয়ে এখন কী করবো? ফেলেও তো দিতে পারি না।”।

হতাশ হলেও ভেড়া শাবকটির প্রতি মমতাও জন্মেছে এই দরিদ্র কৃষকের। স্থানীয় এক সার্কাস থেকে এই অদ্ভুত ভেড়াটির জন্য স্বাভাবিক ভেড়ার দশ গুণ দাম প্রস্তাব করা হলেও প্রত্যাখান করেছেন ব্লাসিয়াস। বলেছেন, আমি চাইনা ও কারো খাবার টেবিলে মাংস হয়ে যাক, অথবা কোনো সার্কাসের খেলায় মানুষের মনোরঞ্জন করুক।

জাগো নিউজের পাঠকেদের জন্য নিচে থাকলো ভিডিওটিও-



এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।