আফগানিস্তানে বোমা হামলায় নিহত ২০


প্রকাশিত: ১১:৪৬ এএম, ০২ এপ্রিল ২০১৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ হামলায় অন্তত ৩৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে হুমায়ুন নামের এক সংসদ সদস্যও রয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় পুলিশ ও হাসপাতালের বরাত দিয়ে এ খবর দিয়েছে আলজাজিরা। এতে বলা হয়, প্রাদেশিক গভর্নরের বিরুদ্ধে আন্দোলন করছে এমন বিরোধীরা এই হামলার শিকার হয়েছেন।

খোস্ত প্রদেশের গভর্নর আবদুল জাবার নায়েমিকে ভূমিদস্যু বলে অভিহিত করেছেন বিরোধীরা। নায়েমির বাড়ির সামনে তারা প্রতিবাদী মঞ্চও তৈরি করেছেন। এই মঞ্চের সামনেই সমাবেত জনতার ভিড়ে আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটান।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ। এদিকে টুইটার বার্তায় আফগান তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে।

গত বছর ৩১ ডিসেম্বর ন্যাটোবাহিনী আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলে দেশটিতে নতুন করে হামলার ঘটনা বাড়তে থাকে।

এসএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।