আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারকদের আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই। শুক্রবার (৮ মে) সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী সরকার যে অবস্থায় দেশ রেখে গিয়েছিল তা থেকে ফিরিয়ে আনতে হাজারো মানুষকে আহত ও প্রাণ দিতে হয়েছে, জেল খাটতে হয়েছে। আমরা এই অবস্থার উত্তরণ চাই, বিচার ব্যবস্থা হবে স্বাধীন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের একটি বড় বিতর্ক জুলাই সনদ বাস্তবায়ন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এছাড়া বারের উন্নয়ন, বিচারক ও আইনজীবীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান আইনমন্ত্রী।
এসময় খুলনা বারে ১৭৪ জন নবীন আইনজীবী নতুন করে যোগদান করায় এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেন আইনমন্ত্রী। এছাড়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেন তিনি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুদ রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমির এজাজ খান ও জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী। এছাড়াও খুলনার সব আদালতের বিচারক ও আইনজীবীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরিফুর রহমা/এনএইচআর/জেআইএম