আফগানিস্তানে বোমা বিস্ফারণে একই পরিবারের ১২ জন নিহত
আফগানিস্তানের তালেবান অধ্যুষিত হেলমান্দের মারজাহ জেলায় রাস্তার পাশে পুতে রাখা বোমা বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের ১২ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। বিবিসি জানায়, শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের মারজাহ জেলায় এ ঘটনাটি ঘটে।
পারিবারিক গাড়িতে করে তালেবান অধ্যুষিত জেলাটির পথ ধরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ প্রধান নাবিল জান মু্ল্লাখাইল জানান।
এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। তবে রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ ঘটনায় নয় শিশু ও আট নারীসহ ১৯ জন নিহত হয়েছেন বলে জানানো হয়।
নিহতদের এক আত্মীয় জানিয়েছেন, সরকারের আসন্ন তালেবান বিরোধী অভিযানের খবর পেয়ে পরিবারটি এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলাটির দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে তালেবানই এ ধরনের বোমা পেতে রাখে বলে বিস্ফোরণের জন্য তাদেরই সন্দেহ করা হচ্ছে।
এসকেডি/পিআর