ময়মনসিংহে শিশুকে কুপিয়ে হত্যা : আটক ১
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সোমবার রাতে রবিকুল ইসলাম (১০) নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের মা রোমেলা খাতুন বাদী হয়ে শাহ আলমের (২০) নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করলে শাহ আলমকে গ্রেফতার করে পুলিশ।
নিহত রবিকুল ইসলাম নাজিরপুর গ্রামের আবদুস সাত্তার উসমানের ছেলে এবং আটক শাহ আলম একই গ্রামের আবদুল হেলিমের ছেলে।
জানা যায়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পোস্টার লাগালে শিশু রবিকুল ইসলামকে (১১) প্রতিদিন ১শ টাকা দেয়ার কথা বলেছিল প্রতিবেশী শাহ আলম। কিন্তু ৩/৪ দিন কাজ করলেও টাকা পায়নি রবিকুল। তাই সোমবার পোস্টার লাগাতে গিয়ে টাকার পীড়াপীড়ি করে সে। ক্ষিপ্ত হয়ে তাকে খুন করে শাহ আলম। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের এমন ঘটনায় দায়ের হওয়া মামলায় এ অভিযোগ করেছেন নিহত রবিকুলের মা রোমেলা খাতুন।
এদিকে মঙ্গলবার বেলা ১২টার দিকে নাজিরপুর গ্রামের বাসিন্দারা অভিযুক্ত শাহ আলমের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় ঘরের সিলিংয়ে লুকানো অবস্থা থেকে বেরিয়ে আত্মসমর্পণ করলে তাকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী।
গৌরীপুর থানা সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শহিদুল ইসলাম ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী জায়েদুর রহমানের সমর্থনে শাহগঞ্জ বাজারে মিছিল হয়। এ সময় কে বা কারা শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র নাজিরপুর গ্রামের উসমান গণির ছেলে রবিকুল ইসলামকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় রবিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
রবিকুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের লোকজন শাহগঞ্জ বাজারে বিএনপি প্রার্থীকে ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ শাহগঞ্জ বাজারে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং বিএনপির চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানসহ বিএনপির ২৮ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে।পরে রাত সাড়ে ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান, মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ গ্রামবাসী শাহ আলমের বাড়িতে আগুন দেয়। আগুনের লেলিহান শিখা দেখেই ঘরের সিলিং থেকে বেরিয়ে আসতে বাধ্য হন তিনি। পরে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আতাউল করিম খোকন/এফএ/আরআইপি