পাঁচ দিন পর শেয়ারবাজারে সামান্য উত্থান
টানা পাঁচ কার্যদিবস পতনের পর মঙ্গলবার সামান্য উত্থান ধারায় ফিরেছে শেয়ারবাজার। এদিন দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের সঙ্গে সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, গত ২২ মার্চ থেকে ডিএসইর সূচকে টানা পতন শুরু হয়। যা সোমবার পর্যন্ত অব্যাহত ছিল। মঙ্গলবার দিনশেষে মূল্যসূচক ও লেনদেন সামান্য বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৩০৩ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯৭ কোটি টাকা।
এদিকে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএস৩০ সূচক দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩১ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬৬টির, কমছে ৯১টির এবং অপরিবর্তিত আছে ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৬২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১১ হাজার ৯২৪ পয়েন্টে, সিএসপিআই সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩০১ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ৯১৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১০১টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত আছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২০ কোটি টাকা।
এসআই/একে/এবিএস