সাড়া ফেলেছে আইসক্রিম ছবিতে চিরকুটের গান


প্রকাশিত: ০৭:৪২ এএম, ০৪ এপ্রিল ২০১৬

জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ ছবির জন্য তৈরি হয়েছে ‘ভালো থাকা মন্দ থাকা’ শিরোনামের একটি গান। গানটি তৈরি করেছে দেশের শ্রোতাপ্রিয় ব্যান্ডদল চিরকুট। সলো ভার্সনের এ গানের কথা, সুর ও সংগীত চিরকুটেরই। গানে কণ্ঠ দিয়েছেন এ ব্যান্ডের অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমি।

গতকাল রোববার ‘ভালো থাকা মন্দ থাকা’  শিরোনামের গানটি অডিও আকারে প্রকাশ পেয়েছে। প্রকাশের পরই গানটি শ্রোতারা সাদরে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন নির্মাতা রনি।

তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যা ৬টার দিকে গানটি এফএম রেডিও এবং ইউটিউব ও পপকর্নলাইভ ডট টিভি এবং ইউটিউবে প্রকাশ করা হয়। এরপর থেকে ফোনে, ফেসবুকে হিউজ রেসপন্স পাচ্ছি সকলের কাছ থেকে। ছবি মুক্তির আগে সকলের এমন রেসপন্স আমার ‘আইসক্রিম’ টিমের জন্য পজেটিভ বলে আমি মনে করি।’

‘আইসক্রিম’ নির্মাতা রনির দ্বিতীয় চলচ্চিত্র। এটি মুক্তি পাচ্ছে ২৯ এপ্রিল। তরুণ প্রজন্মের প্রেম-ভালোবাসা, হাসি-কান্নাকে উপজীব্য করেই রনি নির্মাণ করেছেন ‘আইসক্রিম’।

ছবিটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, রাজ এবং উদয়। এছাড়াও আছেন ওমর সানি, দিতি ও এ টি এম শামসুজ্জামানসহ আরো অনেকে।

গেল ১১ ফেব্রুয়ারি বিনা কাটা-ছেঁড়ায় সেন্সর ছাড়পত্র পায় ‘আইসক্রিম’ ছবিটি। এরপর প্রকাশ হয় ফার্স্ট লুক টিজার। সেটিও দর্শকদের মাঝে আগ্রহরে জন্ম দিয়েছে। ছবিটি প্রযোজনা করেছে পিং-পং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস ও টপ অব মাইন্ড।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।