কর ফাঁকির নথি ফাঁস : তালিকায় মেসি, অমিতাভ, ঐশ্বরিয়া


প্রকাশিত: ০৮:১১ এএম, ০৪ এপ্রিল ২০১৬

পানামার আইনি প্রতিষ্ঠান মোওস্যাক ফনসেকার ফাঁস হওয়া ১ কোটি দশ লাখ গোপন নথিতে বিশ্বের আলোচিত ব্যক্তিদের নাম উঠে এসেছে। নথিগুলো ফাঁস হওয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অর্থ পাচার, ট্যাক্স ফাঁকি এবং বিভিন্ন রকম নিষেধাজ্ঞাকে ফাঁকি দিতে এই আইনি প্রতিষ্ঠানটি তার মক্কেলদের দীর্ঘ ৪০ বছর ধরে পরামর্শ দিয়ে আসছে। তবে ফাঁস হওয়া নথিতে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে বেশিরভাগই বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। এদের মধ্যে আপনার পছন্দের ব্যক্তির নাম দেখে হতাশ হবেন না।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসি, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম তারকা অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ প্রায় ৫শ ভারতীয় তারকা, শিল্পপতি এবং মুম্বাইয়ের বেশ কয়েকজন গ্যাংস্টারের নাম উঠে এসেছে ফাঁস হওয়া ওই নথিতে।

ওই নথিগুলো পর্যালোচনা করে দেখা গেছে, নথিতে যারা আছেন তাদের মধ্যে ৫শ জনই ভারতীয়। একটি সূত্র বলেছে, ভারতীয়রা করনীতি মেনে চলছেন না। তারা নিজেদের প্রকৃত সম্পদের পরিমাণ লুকিয়ে রাখছেন।

দ্য ইন্টারন্যাশনাল কনসরটিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিজমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বর্তমান এবং সাবেক নেতা, ব্যবসায়ী, সন্ত্রাসী, চলচ্চিত্র তারকা এবং ক্রীড়া তারকা, আইসল্যান্ড, ইউক্রেন, পাকিস্তান, সৌদি আরব, রাশিয়া আর্জেন্টিনাসহ বেশ কিছু দেশের রাজনৈতিক ব্যক্তিত্ত্বের নাম ফাঁস হওয়া ওই নথির তালিকায় রয়েছেন।

প্রসঙ্গত, বিশ্বের ১শ’টির মত সংবাদ সংস্থা এই প্রতিবেদন প্রকাশ করেছে। তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তাদের পক্ষে এই প্রতিবেদন যাচাই করা সম্ভব হয়নি।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।