চার মামলায় খায়রুল হক জামিন পাবেন কি না, জানা যাবে রোববার
রায় জালিয়াতির অভিযোগের মামলাসহ পৃথক চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বিষয়ে আদেশের জন্য আগামী রোববার (৮ মার্চ) দিন ঠিক করেছেন হাইকোর্ট।
এসব মামলায় জামিন সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে বুধবার (৪ মার্চ) বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেছেন।
এদিন জামিনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ, জহিরুল ইসলাম সুমন, নাহিদ হোসেন ও মো. আক্তারুজ্জামান।
এসব মামলায় গত বছরের গত ১৯ অক্টোবর জামিন আবেদন করেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। শুনানি নিয়ে জামিন প্রশ্নে গত বছরের ২৬ অক্টোবর হাইকোর্ট রুল দেন। মামলাগুলোতে কেন তাকে জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। দুদক ও রাষ্ট্রপক্ষকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।সেই রুলের ওপর আজ বুধবার শুনানি শেষ হয়।
২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। এরপর তিনবার তিনি আইন কমিশনের চেয়ারম্যান হন।
তিনি প্রধান বিচারপতি থাকাকালে তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন। এ রায়ের মধ্য দিয়েই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়।
২০২৪ সালে জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পর ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জে করা একটি মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়।
তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে গত বছরের ২৭ আগস্ট শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বাদী হয়ে একটি মামলা করেন। একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায় গত বছরের ২৫ আগস্ট আরেকটি মামলা করেন নুরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি।
এছাড়া বিধিবহির্ভূতভাবে প্লট নেওয়ার অভিযোগে গত বছরের আগস্টে খায়রুল হকের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই ৫টি মামলার মধ্যে ৪টি মামলায় খায়রুল হকের জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি আজ শেষ হয়েছে। তার আইনজীবী মোনায়েম নবী শাহীন জানিয়েছেন, দুদকের মামলায় জামিন প্রশ্নে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে রুল শুনানি হবে।
এফএইচ/এমকেআর