মতিঝিল আইডিয়াল স্কুলের প্রকৌশলী দম্পতির সম্পদ জব্দের আদেশ
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খান ও তার স্ত্রীর বিপুল পরিমাণ সম্পদ জব্দের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, আতিকুর রহমান খানের বিরুদ্ধে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকার সম্পদ অর্জন এবং ৪৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৭ কোটি ২৬ লাখ টাকার বেশি অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে।
তদন্তের স্বার্থে তার নামে থাকা ৪৭টি স্থাবর সম্পত্তি জব্দের আবেদন করা হয়। এসব সম্পদের মধ্যে গাজীপুরের কালীগঞ্জে বিপুল পরিমাণ জমি এবং ঢাকার বনশ্রী ও মেরাদিয়ায় একাধিক ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস রয়েছে।
এছাড়া তার স্ত্রী নাহিদা ইসলাম নিপা, যিনি ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক, তার নামে থাকা বাড্ডা এলাকার একটি ছয়তলা বাড়িসহ ৩ দশমিক ৫০ কাঠা জমিও ক্রোকের আবেদন করা হয়।
দুদক জানায়, আসামিরা এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এতে ভবিষ্যতে রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সম্পদগুলো জব্দ করা জরুরি।
এমডিএএ/এমকেআর