উত্তরায় চাপাতি দেখিয়ে ছিনতাই: একজন কারাদণ্ড, দুই খালাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৯ মার্চ ২০২৬
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা

রাজধানীর উত্তরায় পথচারীকে চাপাতি দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় এক আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মো. শাকিল (২০)। খালাস পাওয়া অপর দুই আসামি হলেন- রায়হান হোসেন (২২) ও মো. সজিব ইসলাম (২৩)।

সোমবার (৯ মার্চ) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।

মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী মো. কুতুব উদ্দিন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত। ২০২২ সালের ৪ জুলাই রাতে অফিস শেষে তিনি হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা দেন। পরের দিন ৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার সেক্টর-১২ এর ১৯ নম্বর সড়কের ১২/১৩ নম্বর মোড়ে পৌঁছালে তিন আসামি তার পথরোধ করে।

এক পর্যায়ে আসামি শাকিল হাতে থাকা ধারালো চাপাতি বের করে কুতুব উদ্দিন জিম্মি করে। পরে তার কাছ থেকে একটি এমআই ব্র্যান্ডের মোবাইল ফোন (মূল্য প্রায় ১৩ হাজার ৫০০ টাকা) এবং মানিব্যাগে থাকা নগদ পাঁচ হাজার দুইশ টাকা ছিনিয়ে নেয়।

পরে ভুক্তভোগী উত্তরা পশ্চিম থানায় গেলে সেখানে আটক অবস্থায় আসামিদের দেখে শনাক্ত করেন। জানা যায়, অন্য একটি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তাদের আটক করেছিল। পরে ভুক্তভোগী কুতুব উদ্দিন তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার শেষে আদালত আসামি শাকিলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ড দেন এবং অপর দুই আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেন।

এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।