হত্যা মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১১ এপ্রিল ২০২৬
মাসুদ উদ্দিন চৌধুরী/ফাইল ছবি

 

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১১ এপ্রিল) ৪ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর এলাকার ফলপট্টিতে অবস্থান করছিলেন দেলোয়ার হোসেন (৪০)। সে সময় আন্দোলন দমনে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে গুলিবর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তার মৃত্যু হয়।

ঘটনার প্রায় এক বছর পর, ২০২৫ সালের ৬ জুলাই ভুক্তভোগীর স্ত্রী লিজা মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

এর আগে গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা আরেকটি মামলায় সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এমডিএএ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।