সুপ্রিম কোর্ট বার নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরা

মুহাম্মদ ফজলুল হক
মুহাম্মদ ফজলুল হক মুহাম্মদ ফজলুল হক , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১০ পিএম, ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সুপ্রিম কোর্ট/ছবি: জাগো নিউজ
  • সভাপতি-সম্পাদকসহ মোট পদ ১৪টি
  • নির্বাচন হতে যাচ্ছে ১৩ ও ১৪ মে
  • আদালতের অবকাশ শেষে তফসিল ঘোষণা
  • প্রার্থীরা অংশ নেবেন বিভিন্ন প্যানেল থেকে

দেশের সর্বোচ্চ আদালতে আইন পেশায় নিয়োজিতদের সংগঠন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বা বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচন হতে যাচ্ছে আগামী ১৩ ও ১৪ মে। এতে সভাপতি-সম্পাদকসহ মোট ১৪ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগ্রহী প্রার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির এ নির্বাচনের জন্য সমিতি প্রাথমিকভাবে ভোটের দিন ঠিক করলেও এখনো তফসিল ঘোষণা করা হয়নি। সেই সঙ্গে ভোট পরিচালনায় গঠিত হয়নি নির্বাচন কমিশন। তারপরও কোন দলের সমর্থন নিয়ে কারা কোন প্যানেলের প্রার্থী হচ্ছেন তা নিয়ে চলছে নানা আলোচনা। দেশে সম্প্রতি নতুন সরকার গঠিত হওয়ায় এর হাওয়া আলোচনার পালে নতুন গতি দিয়েছে।

সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন জাগো নিউজকে বলেন, বর্তমানে আদালতে অবকাশ চলছে। তা শেষে খোলা হলেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। পরিবেশ-পরিস্থিতর ওপর নির্ভর করবে নির্বাচনে প্রার্থী হচ্ছি কি না।- এ এম মাহবুব উদ্দিন খোকন

প্যানেলভিত্তিক নির্বাচন

দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলোর সমর্থিত প্রার্থীরাই সাধারণত এ নির্বাচনে অংশ নেন। এবার ক্ষমতাসীন বিএনপি সমর্থিত নীল প্যানেল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সাধারণ আইনজীবীদের ব্যানার থেকেও প্যানেল হতে পারে বলে আলোচনা রয়েছে।

আইনজীবীরা বলছেন, এবার সরকারি দল বিএনপি, বিরোধী দল জামায়াত ও আওয়ামী লীগপন্থি আইনজীবীরাই মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও এখনো কোনো পক্ষই প্যানেলভিত্তিক মনোনয়ন দেয়নি, তবে সম্ভাব্য প্রার্থীরা দলীয় ও ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে প্রচার শুরু করেছেন। তাদের মধ্যে বিশেষ করে আলোচনায় আছেন সভাপতি ও সম্পাদক পদের প্রার্থীরা।

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরাসভাপতি ও সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা কয়েকজন বিএনপিপন্থি আইনজীবী/ছবি: সংগৃহীত

পরামর্শ করে বিএনপির প্রার্থী নির্ধারণ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিছু দিনের মধ্যেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির শীর্ষ নেতা, ফোরামের নেতা ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে প্রার্থী নির্ধারণ করা হতে পারে। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি যাদের ব্যাপারে সবুজ সংকেত দেবেন, তারাই হবেন প্রার্থী।

বিএনপিপন্থি কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশীরা এখন দলীয় কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে দৌড়ঝাঁপ করছেন। একই সঙ্গে ফোরামের শীর্ষ নেতাদের সঙ্গেও চলছে তদবির-আলোচনা। এছাড়া, গেল রমজানের ইফতার মাহফিল, ঈদের শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন জেলাভিত্তিক আইনজীবীদের সংগঠনের অনুষ্ঠান, হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার জন্য তালিকাভুক্তদের সংবর্ধনা, পয়লা ফাল্গুনসহ নানা আয়োজন ঘিরে তাদের প্রচার চোখে পড়েছে।

আরও পড়ুন
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে
ঢাকা বার নির্বাচন ২৯-৩০ এপ্রিল
হাইকোর্টের কর্মকর্তা-কর্মচারীদের ডাটাবেজ হচ্ছে

বিএনপি থেকে সভাপতি পদে প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন- বারের সাবেক সভাপতি ও সংসদ সদস্য জয়নুল আবেদীন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব ও বারের সাবেক সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, বারের সাবেক সম্পাদক এম বদরোদ্দোজা বাদল, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী খ্যাত বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।

এছাড়া, বারের সাবেক সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজলও সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ছিলেন। কিন্তু তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় এখন হয়তো প্রার্থী হবেন না।

এবারের নির্বাচনে সাদা প্যানেল সমর্থিত সভাপতি ও সম্পাদক হিসেবে প্রার্থীদের নাম ঘোষণা করার জন্য আমরা বসবো। আলাপ-আলোচনা করে আওয়ামী-সমর্থিত প্যানেলের প্রার্থী চূড়ান্ত করা হবে।- আবু সাঈদ সাগর

যোগাযোগ করা হলে এ এম মাহবুব উদ্দিন খোকন জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করবে নির্বাচনে প্রার্থী হচ্ছি কি না।’

বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হওয়ার আলোচনায় আছেন দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বহিস্কৃত মোহাম্মদ আলী ও বারের সাবেক সহ-সম্পাদক আ জ ম মোরশেদ আল মামুন (লিটন)।

সেই সঙ্গে মনিরুজ্জামান আসাদ, বারের সাবেক কোষাধ্যক্ষ ইমাম হোসেন সিডনি, কামাল হোসেন, মো. মাহবুবুর রহমান খান, আব্দুল্লাহ আল মাহবুব, বারের ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলনের নামও আলোচনায় আছে সম্পাদক পদে।

আরও পড়ুন
সরকারি খরচে ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জনকে আইনি সহায়তা
পাবলিক পরীক্ষায় অপরাধ দমনে আরও কঠোর হচ্ছে আইন
অধস্তন আদালতে নতুন সময়সূচি

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরা

প্রার্থী হওয়ার গুঞ্জন থাকা কয়েকজন আওয়ামী লীগপন্থি আইনজীবী/ছবি: সংগৃহীত

আওয়ামী লীগে আগ্রহী প্রার্থী ৭০ জনের বেশি

আওয়ামী লীগপন্থি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিভিন্ন পদ মিলিয়ে ৭০ জনের বেশি মনোনয়নপ্রত্যাশী রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

পরিষদের সাদা প্যানেল থেকে সভাপতি পদে আলোচনায় আছেন মুনসুরুল হক চৌধুরী, বারের সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, আজহার উল্লাহ ভূঁইয়া ও আবু সাঈদ সাগর।

সম্পাদক পদে প্রার্থী হতে পারেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম ল' ইয়ার্স অ্যাসোসিয়েশনের (ডুলা) সভাপতি ও বাংলাদেশ আইন সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ খোকন, সাবেক বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, সাবেক ছাত্রলীগ নেতা মো. সাজ্জাত হোসেন, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির ও মো. মুশফিকুর রহমান সবুজ, খান মোহাম্মদ শামীম আজিজ, বারের সাবেক কোষাধ্যক্ষ রমজান আলী শিকদার এবং নুর নবী বুলবুল।

এ নিয়ে কথা হলে মো. মোতাহার হোসেন সাজু জাগো নিউজকে বলেন, ‘দল যদি আমাকে মনোনীত করে তাহলে আমি সম্পাদক পদে ভোট করবো।’

নির্বাচন ঘিরে পরিষদের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে আবু সাঈদ সাগর বলেন, ‘এবারের নির্বাচনে সাদা প্যানেল সমর্থিত সভাপতি ও সম্পাদক হিসেবে প্রার্থীদের নাম ঘোষণা করার জন্য আমরা বসবো। আলাপ-আলোচনা করে আওয়ামী-সমর্থিত প্যানেলের প্রার্থী চূড়ান্ত করা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর তা চূড়ান্ত হবে।’

তবে নিজের প্রার্থী হওয়া বা না হওয়ার বিষয়ে এখনই কোনো মন্তব করতে চাননি সাগর।

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরা

জামায়াত, এনসিপি, গণফোরাম ও সাধারণ আইনজীবীদের থেকে প্রার্থিতার বিষয়ে আলোচনায় থাকা কয়েকজন/ছবি: সংগৃহীত

জামায়াত ও এনসিপির প্যানেল

জামায়াত ও এনসিপি মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে গিয়াস উদ্দিন মিঠু, এস এম শাহজাহান ও বারের সাবেক সহ-সভাপতি মো. গোলাম রহমান ভূঁইয়ার নাম আলোচনায় রয়েছে। সম্পাদক পদে মোহাম্মদ হোসেন লিপু, বারের সাবেক সহ-সভাপতি মো. সাইফুর রহমান, খন্দকার এ কে এম রেজাউল করিম ও মোহাম্মদ শিশির মনিরের নাম শোনা যাচ্ছে।

বহু দিন ধরে আইনজীবীরা অপেক্ষায় আছেন একটি নির্বাচন ও ভোটদানের জন্য। সেটা হচ্ছে না। আশা করবো খুব দ্রুতই নির্বাচন অনুষ্ঠিত হবে।- সুব্রত চৌধুরী

অন্য সম্ভাব্য প্রার্থীরা

সভাপতি পদে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও বারের সাবেক সম্পাদক সুব্রত চৌধুরী নির্বাচন করতে পারেন। সেই সঙ্গে আলোচনায় আছেন এ ওয়াই মশি উজ্জামানও।

সম্পাদক পদে বারের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব এবং এম আশরাফুল ইসলামের প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে।

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরাসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন/ছবি: সংগৃহীত

সুব্রত চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘বহু দিন ধরে আইনজীবীরা অপেক্ষায় আছেন একটি নির্বাচন ও ভোটদানের জন্য। সেটা হচ্ছে না। আশা করবো খুব দ্রুতই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থী হওয়া, না হওয়া আমাদের গণফোরামের দলীয় আইনজীবীদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’

বর্তমানে আদালতে অবকাশ চলছে। তা শেষে খোলা হলেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।- বারের ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন

পদের সংখ্যা ও বর্তমান কমিটি

সুপ্রিম কোর্ট বার কার্যকরী কমিটিতে একটি সভাপতি, দুটি সহ-সভাপতি, একটি সম্পাদক, একটি কোষাধ্যক্ষ, দুটি সহ-সম্পাদক ও সাতটি সদস্য মিলিয়ে মোট ১৪টি পদে নির্বাচন হবে।

গত নির্বাচনে সভাপতি পদে নীল প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের আবু সাঈদ সাগর। সম্পাদক পদে নানা ঘটনার পর নির্বাচিত হন শাহ মঞ্জুরুল হক। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নীল প্যানেলের মো. রুহুল কুদ্দুস কাজল।

এফএইচ/একিউএফ/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।