ধর্ম নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, কনটেন্ট ক্রিয়েটর আমিনুর কারাগারে
ঢাকার নবাবগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিতর্কিত ধর্মীয় পোস্টের জেরে গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর মো. আমিনুর শাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা জেলা পুলিশের নবাবগঞ্জ থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা বলেন, গতকাল বুধবার (২৯ এপ্রিল) শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান এ আদেশ দেন।
এর আগে, পুলিশ কনটেন্ট ক্রিয়েটর মো. আমিনুর শাহকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া গ্রামের বাসিন্দা আমিনুর শাহকে মঙ্গলবার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অভিযোগ রয়েছে, সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি স্ট্যাটাস দেন কনটেন্ট ক্রিয়েটর মো. আমিনুর শাহ, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলেন। পরে তার ব্যক্তিগত অ্যাকাউন্টটিও আর সক্রিয় দেখা যায়নি।
স্থানীয়দের মতে, আমিনুর শাহ দীর্ঘদিন ধরে ইসলাম ও সুফি মতবাদ নিয়ে অনলাইনে কনটেন্ট তৈরি করতেন এবং ‘দরদী’ নামে পরিচিত ছিলেন। তবে বিতর্কিত ওই পোস্টের জেরে সোমবার রাতে তার বাড়ির সামনে উত্তেজিত জনতা জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে তিনি সবার কাছে ক্ষমা চান এবং স্থানীয় এক ধর্মীয় ব্যক্তির কাছে তওবা করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে শোল্লা ইউনিয়নের গ্রাম্য পুলিশ মো. আলাউদ্দিন বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বর্তমানে আমিনুর শাহ কারাগারে রয়েছেন। মামলাটি বিচারাধীন।
এমডিএএ/এমআরএম