নববর্ষের আয়োজনে রঙ
বাঙালির চিরন্তন সার্বজনীন পার্বণ বাংলা নববর্ষ। বাঙালি ও বাংলা নববর্ষ একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। এই সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে নববর্ষের আবাহনে সকলে আনন্দে উদ্বেলিত হয়। উৎসব, লোকাচার, কারুশিল্প, সংস্কৃতি, মঙ্গল শোভাযাত্রা, নববর্ষের নতুন পোশাক এবং ভোরের আলোয় নববর্ষের সূর্যোদয় সবই উদযাপনের আকাঙ্ক্ষায় উন্মুখ থাকে দেশের প্রতিটি মানুষ। এই সময়কে কেন্দ্র করে বাংলাদেশের ফ্যাশন ভুবন আন্দোলিত হয় নতুন আনন্দে, পোশাকের আয়োজনে আসে নতুন নতুন সংযোজন। আর এই ধারার ধারক-বাহক যে কয়টি ফ্যাশন হাউজ, তার মধ্যে ‘রঙ’ শীর্ষস্থানীয়।
রঙ-এর ফ্যাশন ভাবনার মূলস্রোতকে বেগবান করেছে আবহমান বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের মূল্যবোধ। তাই বৈশাখ এলেই বাংলা নববর্ষকে বরণ করতে ‘রঙ’ নতুন নতুন পসরা নিয়ে নিজস্ব পরিচয়ে ও সৃজনশীল ভাবনায় আপ্লুত হয় সবার মাঝে আপন সৌরভে।
চন্দ্র সূর্যের আবর্তে প্রবাহমান জীবনের পরিব্যপ্তিতে ক্ষুদ্র ক্ষুদ্র সময়, দিন, মাস, পেরিয়ে রূপ নেয় বর্ষপঞ্জীতে; যার পরতে পরতে থাকে হাসি, কান্না আর সুখ-দুঃখ-বেদনার গল্প কথা। বাঙালী জীবনের পহেলা বৈশাখ মানেই নব সুরের মূর্ছনা, যে মূর্ছনায় শুরু হয় স্বপ্নগাথা, নতুন সময়ের অভিযাত্রা। ‘রঙ’ দেশ, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে বৈশাখের পোশাক পরিকল্পনায় অনুপ্রেরণা হিসাবে বেছে নিয়েছে মুখোশ, শখের হাঁড়ি , টেরাকোটা (কান্তজী মন্দির), রিক্সা, রবীন্দ্রনাথ, সরাচিত্র, পাখা ইত্যাদি। এই বৈশাখে সময়ের অভিযাত্রায় সুরের মুর্ছনাকে পোশাকে নকশার অনুষঙ্গ করতে ‘রঙ’ বেছে নিয়েছে বর্ষপঞ্জীর চিরায়ত সারল্য রূপ।
আদি বাংলা বর্ষপঞ্জীর মোটিফ ব্যবহার করে তৈরি করা হয়েছে শাড়ী, সালোয়ার কামিজ, কামিজ, পাঞ্জাবী, র্শাট, টিশার্ট, ব্যাগ, গহনা, উত্তরীয় ইত্যাদি আরো কত কি। মূল থিম ছাড়াও নতুন নতুন ডিজাইনের সম্মিলনে উৎসবর্ধমী বৈচিত্র্যময় বিশাল সম্ভার এবারের ‘রঙ’ এর বৈশাখি আয়োজন । সকল বৈশাখের চিরন্তন লাল-সাদা পাশাপাশি রঙ-এর নিজস্ব বৈশিষ্ট্য উজ্জ্বল সব বাহারি রং-এর সন্নিবেশ সব সামগ্রীতে। বৈশাখী আয়োজনে নানান ধরণের সুতি ও সিল্কের কাপড়ের উপরে স্ক্রীন ও ব্লকপ্রিন্ট, হ্যান্ড ও মেশিন এ্যামব্রয়ডারি, কারচুপি, প্যাচওর্য়াক, হ্যান্ড পেইন্টের কাজ করা হয়েছে নান্দনিক ভাবে।
৩০ এপ্রিল পর্যন্ত নববর্ষের এই আয়োজন ‘বৈশাখের রঙ’ শীর্ষক প্রদর্শনী চলবে সকল শোরুমে। শোরুমগুলো সেজেছে বৈশাখী সাজে, অপেক্ষা করছে আপনারই জন্যে।
এইচএন/আরআই