শমীক ভট্টাচার্যের দাবি
‘বিজেপিতে ঢোকা তৃণমূলের কিছু লোক দলের বদনাম করতে চায়’
পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার (৭ মে) বারাসাত জেলা হাসপাতালে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানান, বিজেপির পতাকা হাতে নেওয়া তৃণমূলের কিছু লোকই আসলে দলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে।
বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় ভয়াবহ হামলার শিকার হন চন্দ্রনাথ রথ। অভিযোগ, বাইকে করে আসা দুর্বৃত্তরা তার গাড়ির গতিপথ রুদ্ধ করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালায়। চন্দ্রনাথের মাথায় গুলি লাগলে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চালকসহ আরও একজন গুরুতর জখম হয়েছেন।
বৃহস্পতিবার ময়নাতদন্তের সময় হাসপাতালে উপস্থিত থেকে শমীক ভট্টাচার্য এই হত্যার পিছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে কিছু লোক বিজেপির পতাকা হাতে নিয়েছে। যারা কম সুবিধা পেয়েছে, তারাই এখন দলকে বদনাম করতে চাইছে। তবে আমরা সবটা নজরে রাখছি।
তিনি আরও যোগ করেন যে, সামনেই রাজ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের আসার কথা রয়েছে। তার আগে এ ধরনের ঘটনা কি প্রধানমন্ত্রীকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা, নাকি সরাসরি বিজেপির বুকে গুলি চালানো— তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার কথা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।
ডিডি/কেএএ/