মুখরোচক মোগলাই পরোটা
মুখরোচক খাবার হিসেবে মোগলাই খাবারের জুড়ি নেই। ঝটপট বিকেলের নাস্তায় মোগলাই পরোটার নাম সবার আগেই উঠে আসবে। মোগলাই পরোটা তৈরি করতে সময় কম লাগে আবার খেতেও মজাদার। তাই নাস্তার তালিকায় অনেকেই এই আইটেমটি রাখতে চান। চলুন জেনে নিই ঝটপট মুখরোচক মোগলাই পরোটা তৈরির রেসিপি-
উপকরণ:
ময়দা ১ কাপ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ।
খামিরের জন্য:
ময়দা, তেল, লবণের ময়ান দিয়ে পানি দিয়ে ছেনে নিতে হবে। এবার গোল্লা বানিয়ে আধা কাপ তেলে চুবিয়ে এক ঘণ্টা রাখতে হবে।
পুরের জন্য:
মাংসের কিমা আধা কাপ, আদা আধা চা চামচ, রসুন আধা চা চামচ, এলাচ ১টি, দারচিনি ২ টুকরা, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ দিয়ে কিমা সেদ্ধ করে নিতে হবে।
কিমা সেদ্ধ করার জন্য:
ডিম ২-৩টি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ২-৩টি, ধনে পাতা ইচ্ছামতো, ভাজার জন্য তেল।
প্রণালি:
একটি করে গোল্লা নিয়ে রুটি বানিয়ে টেনে লম্বা করে নিতে হবে। রুটি একদম পাতলা হবে। এবার এর ওপর হাতে তেল নিয়ে তেল মাখিয়ে তার ওপর পিঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, কিমা দিয়ে, ধনেপাতা দিয়ে সব শেষে ডিম দিয়ে রুটি চার ভাঁজ করে পরোটার আকারে বানিয়ে ডুবোতেলে ভাজতে হবে। এবার সালাদ, সস দিয়ে পরিবেশন।
এইচএন/এমএস