ছেলেদের ত্বকের যত্নে স্ক্র্যাব


প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৩ মে ২০১৫

ছেলেরা মুখের ত্বকের তেলতেলে ভাব কাটিয়ে সতেজ থাকতে মাঝেমধ্যে স্ক্র্যাব ব্যবহার করতে পারেন। স্ক্র্যাব ত্বকের গভীরের ময়লা সহজেই তুলে আনে। স্ক্র্যাবের ভেতরের দানাদার উপাদান সহজেই মুখের ত্বকে থাকা মৃত কোষ সরিয়ে ত্বকে লাবণ্য ফিরিয়ে আনে।

এ ছাড়া স্ক্র্যাবে থাকা তেল বা ক্রিম ত্বককে সতেজ করে তোলে। আমাদের ত্বকে প্রতিনিয়ত একধরণের তৈলাক্ততা তৈরি হয়, যা লোমকূপ দিয়ে বেরিয়ে সারা শরীরে ছড়িয়ে যায়। কোনো কারণে লোমকূপ বন্ধ হয়ে গেলে সেখানে ব্ল্যাক হেডস তৈরি হয়। স্ক্র্যাব ব্যবহারে ব্ল্যাক হেডস হওয়ার আশঙ্কা কমে।

স্ক্র্যাব ব্যবহার করবেন, তবে দৈনিক না।  সপ্তাহে দুই দিন মুখে স্ক্র্যাব করলেই ত্বক ভালো থাকবে। এ ছাড়া ভালোমতো স্ক্র্যাব করে নিলে শেভ করতেও বাড়তি সুবিধা মিলবে।

এর ফলে ব্ল্যাক হেডস ও ত্বকের নিচে থাকা লোমের গোড়া একই সঙ্গে পরিষ্কার হয়ে যায়। ফলে রেজর চালাতেও সুবিধা হয়। বাইরে যাওয়ার পর কড়া রোদে মুখে যে কালচে ভাব আসে সেটাও দূর হয়ে যায় স্ক্র্যাবে। যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে যাচ্ছে তারা স্ক্র্যাব মাসাজের ফলে বয়সের ছাপ দূর করে ফেলতে পারেন।

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের স্ক্র্যাব ক্রিম কিনতে পাবেন। তা ছাড়া চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন-

আধা চা-চামচ গমের ভুসির সঙ্গে এক টেবিল চামচ জলপাই তেল ও আধা চা-চামচ দানা গুড় মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার মুখে বৃত্তাকারে ঘষে মুখ ধুয়ে ফেলুন।

এক টেবিল চামচ ওট নিয়ে তার সঙ্গে এক টেবিল চামচ জলপাই তেল ও এক চা-চামচ মধু মিশিয়ে পেস্ট বানান। এবার সেটা মুখে ঘষে মিনিট দুই পর ধুয়ে ফেলুন। পরিমাণমতো ক্লেনজিং মিল্ক নিয়ে তার সঙ্গে গমের ভুসি মিলিয়ে মুখে মাখুন। স্ক্র্যাব করে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।