শেরপুরে কবি ও সাংবাদিক তালাত মাহমুদকে স্মরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৩ মার্চ ২০২৬
ফাইল ছবি

শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য, কবি ও কলামিস্ট তালাত মাহমুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ৩ মার্চ তিনি জেলা সদর হাসপাতালে মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবিসংঘ বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আশির দশকে আলোড়ন সৃষ্টিকারী তালাত মাহমুদ ১৯৫৭ সালের ২০ আগস্ট শেরপুরের চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা গ্রামে জন্মগ্রহণ করেন। সাংগঠনিক কর্মক্ষমতার অধিকারী ও ক্ষুরধার লেখনীর আপসহীন কলমসৈনিক তালাত মাহমুদ ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস করেন। একইসাথে এলএলবি ও ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়ন করেন।

তার বাবা মনিরুজ্জামান মুক্তিযুদ্ধের একজন পৃষ্ঠপোষক ছিলেন। তালাত মাহমুদ জাতীয় লেখক কবি শিল্পী সংগঠন ‘লেকশি’ এবং ‘কবিসংঘ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ১৯৮০ সালে সাহিত্য ও সাংবাদিকতায় সাড়াজাগানো ‘জিলবাংলা সাহিত্য পুরস্কার’ লাভ করেন। তার প্রথম গ্রন্থ ‘স্বর্গের দ্বারে মর্তের চিঠি’ ১৯৭৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়।

নীলকণ্ঠ কবি তালাত মাহমুদ সাপ্তাহিক জামালপুর বার্তার প্রথম বার্তা সম্পাদক, দৈনিক দেশবাংলার সম্পাদনা পরিষদ সদস্য, আজকের বাংলাদেশের সহকারী সম্পাদক, সাপ্তাহিক সফিয়ার সম্পাদক (অর্পিত দায়িত্ব), বিলুপ্ত সাপ্তাহিক জনকণ্ঠ’র প্রধান সহকারী সম্পাদক, দৈনিক ঢাকা রিপোর্টের প্রধান সহকারী সম্পাদক, সাপ্তাহিক শেরপুরের ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক পূর্বকথার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রধান সম্পাদক, সাপ্তাহিক ঝিনাই-এর উপদেষ্টা সম্পাদক, পল্লীকণ্ঠ প্রতিদিনেব সহযোগী সম্পাদকসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় তার অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। তার সম্পাদিত সাহিত্য পত্রিকা হলো ‘সাহিত্য দর্পণ’ (১৯৭৩-১৯৮৬) ও ‘আমরা তোমারই সন্তান’ (১৯৯৯ সাল থেকে প্রকাশিত)।

মো. নাঈম ইসলাম/এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।