‘বীরাঙ্গনা থেকে মুক্তিযোদ্ধা’ বিক্রির সব টাকা পাবেন বীরাঙ্গনারা
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সময়ে ’৭১ সালে বীরাঙ্গনাদের নির্মম জীবনের করুন কাহিনী রচিত হয়েছে।‘বীরাঙ্গনা থেকে মুক্তিযোদ্ধা’-কাব্যগ্রন্থটিতে বীরাঙ্গনাদের প্রাণের আকুতি, বন্দি দশা ও বঞ্চনার ইতিহাস তথা একটি স্বাধীন দেশে পরাধীন সৈনিকদের বেঁচে থাকার করুন কাহিনী বাস্তবরুপে তুলে ধরা হয়েছে। যুদ্ধের ময়দানে এই মহীয়সী নারীরা জীবন-মৃত্যুর সাথে লড়াই করে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে আমাদের একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন।
একটি স্বাধীন দেশে পরাধীনভাবে এই বিজিত সৈনিকরা এভাবে থাকতে পারেনা। বীরাঙ্গনাদের জীবনের সময় প্রায় শেষ। বেশি দেরী নয়, আর এখনই সময় এই অসহায়দের দিকে সবার একটু সদয় দৃষ্টি দেওয়ার। ওরা ক্ষমা করলেও ইতিহাস আমাদের কে কোনো দিনও ক্ষমা করবে না। এ কথাগুলো খুব সুন্দর করে মনের আকুতি মিশিয়ে বলছিলেন বিলেতের প্রবাসী লেখক দেবাশীষ দাশ। বীরাঙ্গনা থেকে মুক্তিযোদ্ধা কাব্য গ্রন্থের রচয়িতা দেবাশীষ দাশ বলেন, তিনি একজন গর্বিত বাঙালি কারণ বীরাঙ্গনার স্বাধীন বাংলাদেশে তার জন্ম হয়েছে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম বিশেষ কারণটি কি ? কারণ হিসেবে তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যে দেশে এত নারীর আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের মতো স্বাধীনতা লাভ করেছে।
বাংলাদেশের স্বাধীনতা নিয়ে গবেষণা করতে গিয়ে প্রবাসী এই মেধাবী লেখক কথায় কথায় বলেন যে, বিবেকের তাড়নায় হঠাৎ থমকে দাড়াই আর এই মহীয়সী আত্মত্যাগী বীর নারীদের জন্য কিছু করতে পারলে স্বাধীন বাংলায় তার জন্ম কিছুটা সার্থক হয়েছে বলে তিনি মনে করবেন। তাই তিনি সিন্ধান্ত নিয়েছেন যে ‘বীরাঙ্গনা থেকে মুক্তিযোদ্ধা’ বইটির বিক্রিত সকল অর্থই (তার বিনিয়োগকৃত সকল অর্থসহ) অসহায় বীরাঙ্গনাদের দিয়ে দিবেন।
এই প্রবাসী লেখক বিলেতের মাটিতে থেকেও সকলের কাছে আহ্বান আর অনুরধ করেছেন যে ‘আসুন সকলে মিলে এদের পাশে দাড়াই যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে আমাদের প্রাণের ও ভালোবাসার বীরাঙ্গনাদের জীবন কিছুটা হলেও সুখ শান্তিতে ভরিয়ে দেই’। লেখক বলেন, জানি এটি কঠিন কাজ। কিন্ত সকলের হাত একসাথে হলে খুব সহজ হয়ে যাবে। তিনি মনে করেন এদেরকে ভালোবেসে আমাদের জীবন ধন্য করা উচিত। লেখকের মতে আমাদের সকল প্রবাসী ও দেশি বাঙালিদের অঙ্গীকার করা উচিত আমাদের সকলেই নিঃস্বার্থভাবে বীরাঙ্গনাদের পাশে দাঁড়াতে হবে।
‘বীরাঙ্গনা থেকে মুক্তিযোদ্ধা’ ঐতিহাসিক বইটি প্রকাশ করেছেন সৃষ্টি প্রকাশনী । বইটি পাওয়া যাবে ২০১৫ একুশে বইমেলায় সৃষ্টি প্রকাশনী ও দুর্জয় বাংলা, আলপনা প্রকাশনী, উদাহরন প্রকাশনীর স্টলে। এছাড়াও এবার ২০১৫ সালের বই মেলায় লেখক গবেষক দেবাশীষ দাশের আরও দুইটি বই প্রকাশ হচ্ছে। একটি উপন্যাস। নাম হচ্ছে ‘রিমার ভালবাসা’ আর অন্যটি রোমান্টিক কাব্যগ্রন্থ ‘ফিরে চাই ভালবাসা’। সব কয়টি বইয়ের প্রকাশক সৃষ্টি প্রকাশনী। লেখক সকলের বিনীত সহযোগিতা কামনা করেছেন।
সাক্ষাতকার গ্রহণ : মাহাবুর আলম সোহাগ