ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২২ ফেব্রুয়ারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চবি | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষা অনুষদভুক্ত 'ডি-১' উপ-ইউনিটের ভর্তির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ভর্তি কার্যক্রম চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডি-১ উপ-ইউনিটভুক্ত বিভাগের সাধারণ আসনে প্রথম পর্যায়ে বিষয়/বিভাগে মনোনয়ন প্রাপ্তদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিক্ষা অনুষদ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট তারিখে প্রার্থীকে স্বাক্ষরসহ এক কপি বিভাগ/বিষয় পছন্দক্রম ফরম, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি/সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল মার্কশিট, মূল সনদ, মূল টেস্টিমোনিয়াল, জন্ম নিবন্ধনের ফটোকপি (যদি থাকে), সত্যায়িত ৬ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং উল্লিখিত সব কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ‘অনুষদ উন্নয়ন ফি’ খাতে ৫০০ এবং ‘শিক্ষা সহায়ক ফি’ খাতে চার হাজার টাকা (মোট ৪৫০০) নগদ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র ও ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক ভর্তি শেষে আসন শূন্য থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী ২য় পর্যায়ে বিষয়/বিভাগ মনোনয়নপ্রাপ্তদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মো. মোস্তাফিজুর রহমান/এএইচ/এএসএম