ঢাবি ক্যাম্পাসে মেসুত ওজিল
ঢাবির মেডিকেল সেন্টারের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয়। এতে অতিথি হিসেবে অংশ নেন মেসুত ওজিল।
এর আগে, গতকাল মঙ্গলবার মেসুত ওজিল ঢাকায় পৌঁছান। আজ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পে এক ইফতারে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে বৃহস্পতিবার রাতেই দেশ ছাড়বেন তিনি।
বিশ্বকাপজয়ী এ তারকার উপস্থিতিতে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। পূর্ব ঘোষণা না থাকলেও বিপুল সংখ্যক শিক্ষার্থী ভিড় করেন মেসুত ওজিলকে এক নজর দেখার জন্য।
আরও পড়ুন
ভারতের সঙ্গে ক্রিকেট জট খুলতে চান আমিনুল
মাত্র ১৩ ওভারেই জয় তুলে নিলো দক্ষিণ আফ্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা ‘টিকা’র আর্থিক সহায়তায় মেডিকেল সেন্টারের সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন অবকাঠামোগত ও সেবামূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন জানান, মেডিকেল সেন্টারের উন্নয়নকাজে এরই মধ্যে পূর্ণাঙ্গ আর্থিক সহায়তা দিয়েছে টিকা। এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষেই ঢাবিতে উপস্থিত হন ওজিল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন, টিকা বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফএআর/কেএসআর