চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম্মুখস্থ সড়কের সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সুবিধা বাড়াতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। একাডেমিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং ক্যাম্পাসের সার্বিক পরিবেশ উন্নয়নের অংশ হিসেবে এই সৌন্দর্যবর্ধন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কাজগুলো সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন জানান, পূর্বের পরিকল্পনাকে পরিবর্ধন করে নতুনভাবে পরিবেশবান্ধব নকশা গ্রহণ করা হয়েছে। ভবন ও আশপাশে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য পৃথক ওয়াশরুম এবং নামাজের স্থানও সংযোজন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, প্রকৌশল দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি ও সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মো. মোস্তাফিজুর রহমান/এনএইচআর/এএসএম