ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

২৪ ঘণ্টার মধ্যে ফাহিম চৌধুরীকে গ্রেফতারের দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্ত ও বিচার, অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে দ্রুত গ্রেফতার এবং চাঁদাবাজি বন্ধে বিশেষ অভিযানসহ ছয় দফা দাবি জানিয়েছে মঞ্চ-২৪।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে চাঁদাবাজি বন্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।

মঞ্চ-২৪-এর ছয় দফা দাবি হলো-

১. সারাদেশে চাঁদাবাজি বন্ধে অবিলম্বে বিশেষ অভিযান পরিচালনা।

২. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে কার্যকর বাজার তদারকি।

৩. জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের নিরপেক্ষ তদন্ত ও বিচার।

৪. অভিযুক্ত আর এস ফাহিম চৌধুরীকে দ্রুত গ্রেফতার ও আইনি প্রক্রিয়া নিশ্চিতকরণ।

৫. সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যে কোনো সংগঠন বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।

৬. জুলাইয়ের চেতনা ও স্লোগান নিয়ে কটাক্ষকারীদের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা।

সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী বলেন, জুলাই আন্দোলনের পর একটি ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে এবং গণভোটের মাধ্যমে জনগণ সেটির পক্ষে মত দিয়েছে। তবে বিএনপি সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই আন্দোলনের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছি।

তিনি দাবি করেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংস্কার পরিষদের শপথ নিশ্চিত করতে হবে, অন্যথায় এটি জনগণের রায়ের প্রতি অবজ্ঞা হিসেবে দেখা হবে।

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিস্তার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভয়াবহ আকার নিয়েছে। গত রমজানে লেবুর হালি ছিল ২০ টাকা, যা এখন ৮০ টাকায় পৌঁছেছে। এর পেছনে চাঁদাবাজি সিন্ডিকেটের প্রভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে হামলার পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত আর এস ফাহিম চৌধুরীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে ফাহিম ফারুকী বলেন, তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্রিয় হওয়ার চেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে পুনর্বাসনের সুযোগ নেই। এ সময় শহীদ মিনারে শেখ হাসিনার নামে শ্রদ্ধা নিবেদনের নিন্দা জানান ফাহিম ফারুকী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাহিম ফারুকী বলেন, সরকারের দায়িত্বশীল কিছু ব্যক্তি চাঁদাবাজকে পরোক্ষভাবে সমর্থন করে বক্তব্য দিচ্ছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতীক- ‘ইনকিলাব’, ‘ইনসাফ’, ‘জিন্দাবাদ’ স্লোগানকে কটাক্ষ করা হচ্ছে। এসব স্লোগান জনগণের ন্যায়বিচার ও আত্মমর্যাদার প্রতীক বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মঞ্চ-২৪ আইনসম্মত, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এফএআর/এমআরএম