ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ক্লাস প্রতিনিধিদের সঙ্গে জকসুর মতবিনিময়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০৭ এপ্রিল ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে ক্লাস প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের কথায় উঠে আসা নানান সমস্যা সমাধানে মিলেমিশে কাজ করার কথা বলেন জকসু নেতারা।

সোমবার (৬ এপ্রিল) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে লোক প্রশাসন বিভাগের সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নিয়ে শিক্ষার্থীদের সমস্যা, দাবি ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। আলোচনায় শিক্ষার্থীরা শিক্ষার মানোন্নয়ন, আবাসন সংকট, পরিবহন সমস্যা এবং ক্যাম্পাসের সার্বিক পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দাবি জানান।

এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. শাহরিয়াজ আহম্মদ বলেন, আপনাদের ২১ দফা ইশতেহারের অনেকগুলো দফা পূরণ হয়নি। শিক্ষার্থীরা জানে না আপনারা কী কাজ করছেন। আবাসন বৃত্তির আশ্বাস দিয়ে অনেককে বিপদে ফেলা হয়েছে।

আরও পড়ুন
এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে: সাকিব 
দিল্লি থেকে একই উড়োজাহাজে মরিশাস যাবেন খলিল-জয়শঙ্কর 

বাংলা বিভাগের শিক্ষার্থী মো. বাপ্পি বলেন, গরমে ক্লাস করা কঠিন হয়ে পড়ছে। শ্রেণিকক্ষে এসির ব্যবস্থা করা প্রয়োজন। এছাড়া ক্লাস চলাকালে সাউন্ড বক্স ব্যবহার ও মিছিল বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন অভিযোগ করে বলেন, আবাসন বৃত্তির তালিকায় নাম থাকলেও এখন বলা হচ্ছে টাকা দেওয়া হবে না। এতে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী সুমাইয়া মাক্কি বলেন, ছাত্রীদের জন্য নামাজের নির্দিষ্ট জায়গা নেই। প্রতিটি ভবনে নামাজের ব্যবস্থা ও ক্যাম্পাসে সবুজায়ন বাড়ানো প্রয়োজন।

জবাবে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রীদের নামাজের ব্যবস্থার জন্য অর্থ জোগাড় হয়েছে এবং দ্রুত এ বিষয়ে কাজ করা হবে। সাউন্ড বক্স ব্যবহারের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

আবাসন বৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, বৃত্তির অর্থ সরাসরি জকসুর হাতে নেই। পূর্বের প্রশাসনের সময় এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের হালনাগাদ তথ্য জানানো হবে।

টিএইচকিউ/কেএসআর