সামুদ্রিক গবেষণায় শেকৃবি-বিআইএমআরএডির চুক্তি
সমুদ্র বিজ্ঞান বিষয়ক গবেষণা, সামুদ্রিক সম্পদ অনুসন্ধান, আহরণসহ আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইএমআরএডি) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা মতে, দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের নিয়ে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং বিআইএমআরএডির মহাপরিচালক কমোডর কাজী এমদাদুল হক বিএন (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ফিশারিজ, একোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. কাজী আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তারা এবং বিআইএমআরএডির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পাঁচ বছর মেয়াদি এ চুক্তি স্বাক্ষরের মূল লক্ষ্য হল- উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমুদ্র বিজ্ঞান বিষয়ে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা। বাংলাদেশের সামুদ্রিক খাতের উন্নয়ন, উপকূলীয় কৃষি, উপকূলীয় জীবিকা, জীব বৈচিত্র্য, তথ্য-উপকরণ বিনিময় এবং এ বিষয়ে কর্ম পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেও একযোগে কাজ করবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন আহাম্মদ চুক্তি স্বাক্ষরের জন্য বিআইএমআরএডি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এই উদ্যোগের মাধ্যমে দেশ অনেক উপকৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এফআর/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
- ২ জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর
- ৩ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ৪ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি
- ৫ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন