ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৫ খুনের ঘটনায় ভাগিনা মাহফুজের বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ১০:২৪ এএম, ১৪ জুন ২০১৬

নারায়ণগঞ্জে আপন মামীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে একই পরিবারের ৫ জন হত্যা মামলায় একমাত্র আসামি ভাগিনা মাহফুজের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলাটির চার্জ গঠন অনুষ্ঠিত হয়। চার্জ গঠন করে পরবর্তীতে সাক্ষ্যগ্রহণের আদেশ দেন আদালত।

এর আগে গত ৫ মে মামলাটি বিচারের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বদলি হয়ে আসলে ২৫ মে আদালত মামলাটি গ্রহণ করেন।

এদিকে, মঙ্গলবার আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষ থেকে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন জানান, মঙ্গলবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ৫ খুনের মামলাটির চার্জ গঠন করা হয়েছে। আদালত সাক্ষীর জন্য আদেশ দিয়েছেন। সাক্ষীর ধার্য তারিখ পরবর্তীতে জানানো হবে।

পিপি আরো জানান, এ মামলায় আসামি মাহফুজের পক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষ থেকে স্টেড ডিফেন্স হিসেবে সাবেক পিপি অ্যাডভোকেট সুলতানুজ্জামানকে মামলাটি পরিচালনার জন্য নিয়োগ দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে মাহফুজকে জেলা ও দায়রা জজ আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। পরবর্তীতে দুপুর পৌনে ১২টার দিকে মামলাটির চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে কাঠগড়ায় মাহফুজকে গুনগুন করে গান গাইতেও দেখা গেছে। চার্জ গঠনের শুনানির সময় আদালতের পিপি অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন আসামি মাহফুজের বিরুদ্ধে আনিত অভিযোগপত্রটি আদালতকে শোনান।  

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি রাতে শহরের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোটভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়ার (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরদিন ১৭ জানুয়ারি সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরদিন গ্রেফতার করা হয় শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজ ও নাজমাকে। পরে ২১ জানুয়ারি আদালতে মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

শাহাদাত হোসেন/এসএস/আরআইপি

আরও পড়ুন