ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছোট জায়ের ছুরিকাঘাতে বড় জা খুন

প্রকাশিত: ০৯:১১ এএম, ২৩ জুন ২০১৬

কক্সবাজারের টেকনাফে ছোট জা হাছিনা আকতারের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় জা মরিয়ম। বৃহস্পতিবার সকালে উপজেলার হ্নীলা জাদিমুরা এলাকায় মৌলভী আবু তাহেরের বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অন্যদিনের মতো বৃহস্পতিবার সেহরি খেয়ে আবু তাহেরের ছেলেরা মসজিদে যান এবং নারীরা যে যার রুমে চলে যান। কিন্তু সবার অগোচরে বাড়ির ছোট ছেলে ইউনূসের স্ত্রী হাছিনা আকতার বড় জা মরিয়মকে (৩০) ছুরিকাঘাত করেন। এসময় মরিয়ম চিৎকার করলে পরিবার ও প্রতিবেশীরা এসে তাকে দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কী কারণে এ ছুরিকাঘাত করা হয়েছে পরিবারের কেউ তা বলতে পারছেন না। পরে উত্তেজিত জনতা ঘাতক হাছিনাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ছোট জা হাছিনা পুলিশ হেফাজতে রয়েছে। তাকে ভারসাম্যহীন এবং ভীত দেখাচ্ছে বলে উল্লেখ করে ওসি আরো বলেন, কেন এমনটি ঘটেছে, তা উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় মৌলভী তাহেরের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

আরও পড়ুন