বরিশালে হাতুড়িপেটায় কৃষককে হত্যা, গ্ৰেফতার ৫
বরিশালের মেহেন্দিগঞ্জে তারাবি নামাজ পড়তে যাওয়ার পথে হাতুড়িপেটা করে মোস্তফা কামাল (৪৫) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবীউল হাসান।
নিহত মোস্তফা কামাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
ওসি জানান, বুধবার দিনগত গভীর রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামালের মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে নিয়ে নিহত মোস্তফা কামালের সঙ্গে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন হাওলাদার ও নাসির হাওলাদারদের বিরোধ চলে আসছিল। সবশেষ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে তারাবি নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাজারের মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন মোস্তফা কামাল। এসময় মাঠে ওত পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা করে। একপর্যায় হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা এবং হাতসহ তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে দেয়।
মুমূর্ষু অবস্থায় রাতেই মোস্তফা কামালকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাত একটার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি মো. রবীউল হাসান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে ২১ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী আঁখি বেগম। ওই মামলার এজাহারভুক্ত আসামি নান্নু রাঢ়ি, কাশেম রাঢ়ি, জসিম খান, মিন্টু হাওলাদার ও সিয়াম হাওলাদারকে ঘটনার রাতেই গ্রেফতার করা হয়েছে।
শাওন খান/কেএইচকে/জেআইএম