ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০১:০০ পিএম, ১০ মার্চ ২০২৬

রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পোলট্রি মুরগি ও ডিমের দাম। তবে দাম কমেছে বেশ কিছু সবজিসহ কাঁচামরিচ ও পেঁয়াজের।

এছাড়া অপরিবর্তিত রয়েছে চাল-ডাল, মাছ-মাংসসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

মঙ্গলবার (১০ মার্চ) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতিকেজি বয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় ১৭০-১৮০ টাকা থেকে বেড়ে ১৯০-২০০, পাকিস্তানি সোনালি মুরগি ২৯০-৩২০ থেকে বেড়ে ৩৩০-৩৪০, পাকিস্তানি হাইব্রিড জাতের মুরগি ১০-২০ টাকা বেড়ে ৩১০-৩২০, পাকিস্তানি লেয়ার ২৯০-৩০০ থেকে বেড়ে ৩০০-৩১০ এবং দেশি মুরগি গত সপ্তাহের মতোই ৫৮০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির

বাজারে গরুর মাংসের দাম অপরিবর্তিত ৭২০-৭৫০ এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি ৩৪-৩৫ থেকে বেড়ে ৩৫-৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে জেলা প্রশাসান ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে নির্ধারিত দোকানে গত সপ্তাহের মতোই ৩২ টাকা করে ডিমের হালি বিক্রি হচ্ছে।

মুলাটোল আমতলা বাজারের মুরগি বিক্রেতা আল আমিন বলেন, রোজার আগে মুরগি বিক্রির যে চাপ ছিল সেটা আবার শুরু হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তে শুরু করেছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, শসা গত সপ্তাহের তুলনায় ৪০-৫০ টাকা থেকে কমে ৩৫-৪০, লেবুর হালি ৩০-৪০ টাকা থেকে কমে ২৫-৩০, চিকন বেগুন ৫০-৬০ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা, গোল বেগুন ৬০-৭০ টাকা থেকে কমে ৪০-৪৫ টাকা, প্রতিকেজি কাঁচামরিচ ১০০-১১০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকা, পেঁয়াজ ৩৫-৪০ টাকা থেকে কমে ৩০-৩৫ টাকা, টমেটো ৩০-৪০ টাকা থেকে কমে ২৫-৩০ টাকা, গাজর গত সপ্তাহের মতোই ৩০-৪০ টাকা, মুলা ৩০-৪০ টাকা, ফুলকপি ৩৫-৪০ টাকা, বাঁধাকপির পিস গত ১৫-২০ টাকা, চালকুমড়া (আকারভেদে) ৫০-৬০ টাকা থেকে কমে ৪০-৪৫ টাকা, কাঁচকলার হালি ২৫-৩০ টাকা, দুধকুষি ৭০-৮০ টাকা, সজনে ১৭০-১৮০ টাকা, শিম ৩০-৩৫ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা থেকে কমে ২৫-৩০ টাকা, বরবটি গত সপ্তাহের মতোই ৮০-৯০ টাকা, করলা ১৭০-১৮০ টাকা থেকে কমে ৯০-১০০ টাকা, লাউ (আকারভেদে) ৩০-৪০ টাকা, প্রতিকেজি ধনেপাতা ৪০-৫০ টাকা টাকা, সব ধরনের শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা এবং মিষ্টি কুমড়া গত সপ্তাহের মতোই ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির

অপরদিকে, দেশি আদা গত সপ্তাহের মতোই ১৫০-১৬০ টাকা, বাজারে আসা নতুন দেশি রসুন ১০০-১১০ টাকা, পুরাতন রসুন ১৫০-১৬০ টাকা, আমদানি করা রসুন আগের মতোই ২২০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৬-১৮ টাকা, সাদা আলু ১৮-২০ টাকা, বগুড়ার লাল পাকড়ি আলু ২০-২৫ টাকা, শিল আলু ৩৫-৪০ টাকা এবং ঝাউ আলু ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুলাটোল আমতলা বাজারের সবজি বিক্রেতা হেলাল মিয়া বলেন, সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কমেছে। সেইসঙ্গে কাঁচামরিচ ও পেঁয়াজের দামও কমেছে। দাম কমলে বিক্রি বাড়ে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়েই সন্তুষ্ট থাকেন।

খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল গত সপ্তাহের মতোই ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৯০-২১০ টাকা, মসুর ডাল (চিকন) গত সপ্তাহের মতোই ১৭০-১৮০ টাকা, মাঝারি ১০০-১১০ টাকা, মুগডাল ১৫০-১৬০ টাকা, বুটের ডাল ১১০-১২০ টাকা, খোলা চিনি ১০৫-১১০ টাকা থেকে কমে ১০০-১০৫ টাকা, ছোলাবুট ৯০-১০০ টাকা, প্যাকেট আটা ৫৫ টাকা, খোলা আটা ৪৫-৫০ টাকা এবং ময়দা ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ ৩০০-৩৮০, টেংরা ৪০০-৫৬০, মৃগেল ২২০-২৫০, মিনারকাপ ২৪০-২৮০, পাবদা ৩০০-৩৫০, পাঙাশ ১৫০-২০০, তেলাপিয়া ২০০-২৫০, কাতল ৩০০-৫০০, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৮০-২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জিতু কবীর/এএইচ/জেআইএম