দুই ঘণ্টা পর পাটুরিয়া-আরিচায় ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশায় সাময়িক বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ভোরে প্রায় দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর সাড়ে ৪টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং ভোর ৫টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ফেরির মার্কিং বাতি ও পথ ঠিকমতো দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় সাময়িকভাবে চলাচল বন্ধ করা হয়।
এ সময় ‘এনায়েতপুরী’ ও ‘বাইগার’ নামের দুটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এতে কয়েকশ যাত্রী ও পরিবহন শ্রমিক দুর্ভোগে পড়েন।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কেটে গেলে সকাল ৬টা ৪০ মিনিট থেকে আবার ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ সালাম হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দুই রুটে ফেরি চলাচল চালু করা হয়েছে।
মো. সজল আলী/আরএইচ/এমএস